সু চি ‘মিয়ানমারের ভরসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চির প্রশংসা করে তাঁকে ‘মিয়ানমারের ভরসা’ বলে অভিহিত করেছে সে দেশের সরকারি গণমাধ্যম। সু চিকে প্রেসিডেন্টের ‘সমকক্ষ নেতা’ হিসেবে উল্লেখ করে দেশের স্বার্থে দুই নেতাকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।মিয়ানমার সরকারের মুখপত্র হিসেবে পরিচিত নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা গত সোমবার এক নিবন্ধে এ কথা বলেছে। নিবন্ধের শিরোনাম ছিল ‘মিয়ানমারের আশা-ভরসার নেতাদের প্রতি’। এতে বলা হয়, দ্রুত সংস্কারমুখী রাষ্ট্রটির ভবিষ্যৎ ‘সম্পূর্ণভাবে’ সু চি ও প্রেসিডেন্ট থেইন সেইনের ওপর নির্ভর করছে। দেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে তাঁদের উচিত পারস্পরিক বিশ্বাস ও আস্থার ভিত্তিতে কাজ করা। একই সঙ্গে নিজ নিজ ‘অহংবোধ’ ও ‘স্বার্থপরতা’ পরিত্যাগ করে দেশটির সম্ভাবনাময় অর্থনীতি যেন বিনষ্ট না হয়, তাই একসঙ্গে কাজ করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে পত্রিকাটি তাদের এক লেখায় সু চিকে প্রেসিডেন্টের মতোই ‘স্বাপ্নিক’ বলে অভিহিত করেছিল। গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর সু চিকে নিয়ে পত্রিকাটি নজিরবিহীনভাবে অসংখ্য খবর ছাপিয়েছে।এপ্রিলে উপনির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন সু চি। দুই যুগের মধ্যে সম্প্রতি তিনি প্রথম বিদেশ সফরও করেন। থাইল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার পর গত রোববার দেশে ফেরেন তিনি। সু চির এই বিদেশ সফরকে মিয়ানমার সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের ওপর তাঁর আস্থার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। কেননা, আগে তিনি বিদেশ সফরে যেতে ভয় পেতেন। তাঁর আশঙ্কা ছিল, বিদেশে গেলে জান্তা সরকার তাঁকে ফের দেশে ঢুকতে নাও দিতে পারে। ব্যাংককে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় সু চি মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের ব্যাপারে নেতিবাচক সন্দেহ পোষণ না করার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র আইনের শাসনই পারে সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি শক্তিশালী করতে এবং স্বচ্ছ বিনিয়োগ টানতে। দ্য নিউ লাইট-এর লেখক বলেছেন, সু চি বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাঁর বক্তৃতায় কর্মসংস্থানবান্ধব শিল্পকারখানার পক্ষে কথা বলেছেন, যা তাঁকে ‘স্বস্তি’ দিয়েছে। কেননা, ওই ফোরামে প্রেসিডেন্ট থেইন সেইনের প্রতিনিধি মিয়ানমারের জ্বালানিমন্ত্রী থান হিতাইও একই ব্যাপারে জোর দেন।বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রেসিডেন্ট থেইন সেইনেরও যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ ব্যাপারে মিয়ানমার সরকারের তরফ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে, মিয়ানমারের আইনি ব্যবস্থা নিয়ে সু চির সাম্প্রতিক মন্তব্য ও সংস্কার কার্যক্রম নিয়ে অতিরিক্ত আশাবাদ না হওয়ার তাঁর পরামর্শ উদ্বেগজনক বলে উল্লেখ করেছে পত্রিকাটি। এটি বলেছে, এর ফলে গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তবে পত্রিকাটি এও বলেছে, গণতন্ত্রপন্থী নেত্রী সু চি ও প্রেসিডেন্ট থেইন সেইনের একসঙ্গে কাজ করার ফলই হচ্ছে মিয়ানমারের আজকের নাটকীয় পরিবর্তন। এ কারণে দেশের মানুষও ‘আশা ও স্বপ্ন’ দেখতে শুরু করেছে। নিবন্ধে আরও বলা হয়, ‘এটাই হলো দেশের ইতিহাসে একমাত্র সুযোগ। আমাদের ভয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না হয়ে যায়।’ এএফপি।