সু চিকে উপনির্বাচন করার আনুষ্ঠানিক অনুমতি দিল নির্বাচন কমিশন
মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে পার্লামেন্টের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। গতকাল সোমবার সু চির দলের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। গত মাসে সু চি আগামী এপ্রিলে অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তবে এত দিন তিনি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় ছিলেন। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন বলেন, ‘সু চির প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই এবং আমরা বলতে পারি, তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।’গত বছরের মার্চে মিয়ানমারে নামমাত্র বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে। সম্প্রতি সরকার দেশটির কয়েক শ রাজবন্দীকে মুক্তি দিয়েছে। তাঁদের মধ্যে সরকারের কয়েকজন কট্টর সমালোচকও রয়েছেন। দেশটিতে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি ছাড়াও গণমাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি ও সেন্সরশিপ আইনও শিথিল করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সু চিকে নির্বাচন করার আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার ঘটনাকে মিয়ানমারের রাজনীতি উন্মুক্ত করার সরকারি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিয়ানমার সরকারের ধারণা, রাজনৈতিক অবস্থার উন্নয়নে তাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমারা দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। দেশটির জান্তা সরকারের আমলে ওই অবরোধ আরোপ করা হয়। এপি।