সু চিকে ছাড়া মিয়ানমারের নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জাতিসংঘ
গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে বন্দী রেখে মিয়ানমারের নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কয়েকটি দেশের মন্ত্রীদের নিয়ে গঠিত জাতিসংঘের একটি কমিটি গত সোমবার এ কথা জানিয়েছে।দীর্ঘ দুই দশক পর আগামী ৭ নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবং আরও নয়টি দল নির্বাচনে অংশ নিতে পারছে না। সু চিকে গৃহবন্দী করে রেখেছে দেশটির জান্তা সরকার।চীন, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত ফ্রেন্ডস অন মিয়ানমার নামের ওই গ্রুপের সঙ্গে সোমবার বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বৈঠক শেষে মুন বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবার অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি আবার জোর দিয়ে তুলে ধরেছে কমিটি। একই সঙ্গে সু চিসহ অন্য রাজবন্দীদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সদস্যরা।মুন আরও বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে এবং নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য এগুলো করা খুবই জরুরি।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত এই বৈঠকে মিয়ানমারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে ওই দিনই জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নিয়ান উইনের সঙ্গে কথা বলেন মুন।জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুষ্ঠু ও স্বচ্ছতার বিষয়ে আমাদের প্রত্যাশার বিষয়টি আমি তাঁকে (নিয়ান উইন) জানিয়েছি।’ একই সঙ্গে সু চিকে মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের প্রতিনিধিকে চাপ দিয়েছেন বলে জানান মুন।সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে বিশাল জয় পায় সু চির দল এনএলডি। কিন্তু তাঁদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি জান্তা সরকার। এর পর থেকে গত ২০ বছরের মধ্যে বেশির ভাগ সময় বন্দী আছেন সু চি।জাতিসংঘের মহাসচিব জানান, রাজনৈতিক, মানবিক ও উন্নয়ন বিষয়ে মিয়ানমারকে সহযোগিতা করতে নিজেদের প্রতিশ্রুতির বিষয়টি আবারও জানিয়েছেন গ্রুপের প্রতিনিধিরা।মুন বলেন, মিয়ানমারের এই ক্রান্তিকালে গ্রুপের সদস্যরা বিশেষ করে মিয়ানমারের প্রতিবেশীদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো এবং তাঁদের অর্থপূর্ণ কাজ করতে উৎসাহিত করা।মিয়ানমারের জান্তা সরকারের গত কয়েক মাসের কর্মকাণ্ডে খুবই হতাশ মুন। এমনকি মুনের প্রধান কর্মকর্তা বিজয় নামবিয়ারকে মিয়ানমার সফর করতে দেয়নি জান্তা সরকার।মিয়ানমারের নির্বাচনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারও আসিয়ানের সদস্য।গত শুক্রবার মুন আসিয়ান নেতাদের বলেন, মিয়ানমারের নির্বাচন যদি গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সংস্থার সম্মিলিত নীতি ও মূল্যবোধের ক্ষেত্রেও সেটা খারাপ প্রভাব ফেলবে। এএফপি, সিএনএন।