সু চিকে টুটুর ভালোবাসা!
ডেসমন্ড টুটু কি তবে প্রেমেই পড়লেন অং সান সু চির? শান্তিতে দুই নোবেল বিজয়ীর সেদিনের কথাবার্তা শুনলে তা-ই মনে হবে যে-কারও। নিউইয়র্কে অবস্থানরত বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা টুটু গত বুধবার ভিডিওলিংকের মাধ্যমে কথোপকথনের সময় সু চিকে বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি।’ এখানেই শেষ নয়, সু চির রাজ্যের প্রশংসা করেন দক্ষিণ আফ্রিকার এই ধর্মযাজক।টুটুর ‘ভালোবাসির’ জবাবে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চি বলেন, ‘জবাবে আমি অবশ্যই বলব, আমিও আপনাকে ভালোবাসি।’ ঘটনার তাৎক্ষণিকতায় ভিডিও কনফারেন্সের কক্ষে উপস্থিত রাজনীতিক ও ব্যবসায়িক নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। হেসে ফেলেন টুটু নিজেও। ধর্মযাজক টুটু মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে সু চির শান্তিপূর্ণ প্রতিবাদ, গৃহবন্দী থাকার সময় তাঁর ধৈর্য ও প্রত্যয় এবং সবশেষে সৌন্দর্যেরও প্রশংসা করেন। এর পরই উচ্চ স্বরে হেসে ওঠেন তিনি।টুটু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে আরও বলেন, ‘আমি হতবিহ্বল। যে-কারও ধারণা হবে, আপনি কঠিন ধরনের একজন মানুষ। কিন্তু আপনি খুব ছিমছাম, অত্যন্ত শান্ত।’ এ কথা বলে আবার হেসে ফেলেন। ৮০ পেরোনো টুটু মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সু চিকে উৎসাহ দিয়ে বলেন, তিনি সেদিনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন, যেদিন সু চি মিয়ানমারের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন আর তাঁর মিয়ানমার ভ্রমণের ইচ্ছা পূরণ হবে। সু চি জবাব দেন, ‘তাহলে আমাকে এখন থেকে খুব উচ্চাভিলাষী হতে হবে। কারণ, টুটু মিয়ানমারে আসুক সেটা আমি চাই।’ পিটিআই।