সু চিকে ভারত সফরের জন্য আমন্ত্রণ
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চিকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে সু চির সঙ্গে বৈঠকের সময় তাঁকে এ আমন্ত্রণ জানান মনমোহন। অতীতে সামরিক জান্তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে সু চির সঙ্গে সম্পর্কের যে ফাটল ধরেছে তা জোড়া লাগাতেই ভারত এ পদক্ষেপ নিয়েছে। সু চি নীতিগতভাবে এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। ইয়াঙ্গুনের সেদোনিয়া হোটেলে সু চি ও মনমোহনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলে ৪৫ মিনিটব্যাপী। বৈঠকে সু চিকে ভারতে মর্যাদাপূর্ণ নেহরু মেমোরিয়াল লেকচার দেওয়ার আমন্ত্রণ জানান মনমোহন। তিনি এ আমন্ত্রণ-সংক্রান্ত কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর একটি চিঠি সু চির হাতে পৌঁছে দেন। সু চি নীতিগতভাবে এই আমন্ত্রণ গ্রহণ করে বলেছেন, ‘এই আমন্ত্রণ পেয়ে আমি খুশি। অদূরভবিষ্যতে এই আমন্ত্রণ আমি রক্ষা করতে পারব বলে আশা করছি।’ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে সু চি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি তাঁর মা-বাবার সঙ্গে পণ্ডিত জওহরলাল নেহরু ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, শুধু ভৌগোলিক নৈকট্যের কারণেই নয়, অভিন্ন মূল্যবোধ, ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের কারণেও ভারত-মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। ভারতের সঙ্গে মিয়ানমারের সম্ভাব্য ঘনিষ্ঠ সম্পর্কে তিনি খুশি। তিনি বলেন, ‘আমাদের গণতান্ত্রিক লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রতিষ্ঠিত।’ সু চির ভূয়সী প্রশংসা করে মনমোহন বলেন, ‘গণতন্ত্রের জন্য তাঁর (সু চি) সংগ্রাম ও প্রতিজ্ঞা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছে। আমরা ভারতীয়রা তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ধরে রাখায় গর্বিত।’ তিনি বলেন, ভারতের সঙ্গে সু চির ব্যক্তিগত গভীর সম্পর্ক রয়েছে। তাঁর মা ভারতে মিয়ানমারের রাষ্ট্রদূত থাকাকালে তিনি (সু চি) ভারতে পড়াশোনা করেছেন। মনমোহন আশা প্রকাশ করেন, শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী মিয়ানমার সরকার গৃহীত নতুন ‘রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করবেন। ১৯৮৭ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী মিয়ানমার সফর করলেন। এর আগে তিনি সোমবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন এবং ১২টি চুক্তি সই করেন। এর মধ্যে ৫০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তিও রয়েছে।বিদেশ সফরে গেলেন সু চিঅং সান সু চি গত ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল বিদেশ সফরে গেছেন। গতকাল রাতে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। তিনি সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন।সফরকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া ছাড়াও সু চি থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সে দেশে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের একটি প্রতিনিধিদলেরও সঙ্গে দেখা করবেন তিনি।বিদেশ সফরে গেলে পরবর্তী সময়ে দেশে ঢুকতে দেওয়া হবে না, এই ভয়ে সু চি অতীতে বিদেশ সফরে যাননি। এমনকি তাঁর অসুস্থ স্বামীকে মিয়ানমারে আসতে সাবেক জান্তা সরকার ভিসা দিতে অস্বীকৃতি জানানোর পরও স্বামীকে দেখতে তিনি যুক্তরাজ্যে যেতে চাননি। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক সেন্টারের পাভিন চাচাভালপংপুন বলেন, সু চির থাইল্যান্ড সফর এই ইঙ্গিত দেয় যে তিনি তাঁর অবস্থান ও মিয়ানমারে যেসব রাজনৈতিক সংস্কার হচ্ছে সেসব ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী। এ ছাড়া তাঁর এই সফর মিয়ানমার সরকারের তরফ থেকে এই বার্তাও বহন করবে, তাদের সংস্কারকার্যক্রম স্থায়ী। এএফপি, বিবিসি ও পিটিআই।