মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নির্বাচনী প্রচারণা চালাতে গতকাল শনিবার দেশটির দ্বিতীয় প্রধান শহর মান্দালয় সফর করেন। সু চি সেখানে পৌঁছালে হাজার হাজার লোক তাঁকে স্বাগত জানায়।শান্তিতে নোবেল বিজয়ী সু চি মিয়ানমারের কেন্দ্রীয় ওই শহরটির বিমানবন্দর থেকে কয়েক শ গাড়ির বহর নিয়ে ধীরে ধীরে শহরের কেন্দ্রীয় এলাকার দিকে এগিয়ে যান। এ সময় বৃষ্টি উপেক্ষা করে রাস্তার পাশে জড়ো হওয়া হাজারো মানুষ দলীয় পতাকা হাতে নিয়ে ‘আমরা সু চিকে ভালোবাসি’ বলে স্লোগান দিতে থাকে। পরে মান্দালয় শহরের উপকণ্ঠে একটি জনসভায় সু চি ভাষণ দেন। জনসভায় এক লাখেরও বেশি লোক জড়ো হয়। জনসভায় সু চি বলেন, ‘১৯৮৮ সালের পর এত বড় ধরনের উপস্থিতি আমি দেখিনি। আমরা জনগণের সহায়তায় বিগত ২০ বছর ধরে প্রতিরোধের মাধ্যমে অনেক সমস্যা জয় করেছি। এটা অব্যাহত রাখতে চাই, দয়া করে সবাই আমাদের ওপর আস্থা রাখুন।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ রাস্তা আরও বন্ধুর হবে। গণতন্ত্র এত সোজা নয়। সোজা রাস্তা বের করাও সহজ নয়।’ বক্তব্য দেওয়ার সময় অসুস্থতা অনুভব করলে ৬৬ বছর বয়সী সু চি কিছু সময়ের জন্য বিরতি নেন। ১০ মিনিট পর আবার বক্তব্য দেওয়া শুরু করেন। মিয়ানমারের পার্লামেন্টের উপনির্বাচন আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য এখন জোর প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই মান্দালয় শহরে সু চির এই দুই দিনের সফর। সু চি নিজেও এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ইয়াঙ্গুনের কাছাকাছি একটি আসন থেকে লড়বেন। মিয়ানমারে সামরিক জান্তার কয়েক দশকের শাসন অবসানের মাধ্যমে সেনা-সমর্থিত সরকার গেল বছরে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইতিবাচক সংস্কার কর্মসূচি শুরু করে। এর পরই সরকারের সঙ্গে সু চির সম্পর্কের বরফ গলতে শুরু করে।এপ্রিলের ওই উপনির্বাচনে মোট ৪৮টি আসনের সব কটি বিরোধীরা দখল করে নিলেও বর্তমান ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতায় কোনো হেরফের হবে না। তবে এই উপনির্বাচন সরকারের জন্য এক কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সরকার সত্যিই সংস্কারের সব প্রতিশ্রুতি রাখবে কি না, তা পরীক্ষা হয়ে যাবে এর মধ্য দিয়ে। সু চির এনএলডি ১৯৯০ সালের নির্বাচনে বিপুল বিজয় পেলেও তৎকালীন সামরিক জান্তা দলটিকে কখনোই ক্ষমতায় যাওয়ার অনুমতি দেয়নি। এর ২০ বছর পর ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে সামরিক জান্তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জয়ী হয়ে ক্ষমতায় যান। যদিও ওই নির্বাচনে বড় ধরনের প্রতারণার অভিযোগ ওঠে এবং তৎকালীন গৃহবন্দী থাকা সু চিকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় তাঁর এনএলডি ওই নির্বাচন বর্জন করে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইতিবাচক সংস্কার কর্মসূচি হাতে নেওয়ার পাশাপাশি সু চিকে গৃহবন্দিত্বের দশা থেকে মুক্তি দেয় ও তাঁর এনএলডিকে রাজনীতির মূল স্রোতে ফিরে আসার সুযোগ দেয়। মুক্তি দেওয়া হয় এনএলডির শত শত রাজনৈতিক বন্দীকে। এসব সংস্কার কর্মসূচির পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্কের উন্নয়ন ঘটে মিয়ানমারের। এরই মধ্যে মিয়ানমারের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করেছে পশ্চিমারা। এএফপি।