সু চিকে হুমকি মিয়ানমারের পুরোনো কৌশল: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলেছে, মিয়ানমারের সামরিক জান্তা মুখে গণতন্ত্র বিকাশের কথা বললেও ক্ষমতা ধরে রাখতে তারা তাদের পুরনো কূটকৌশল এখনো অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে তারা তাদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এ কথা বলেন।ফিলিপ ক্রাউলি বলেন, ‘মিয়ানমার নতুন যুগের সূচনা করার দাবি করে, কিন্তু তারা এখনো অং সান সু চিকে হুমকি দেওয়ার মতো পুরোনো কূটকৌশল অব্যাহত রেখেছে।’ তিনি বলেছেন, সেখানকার নতুন আদলের সরকার হয়েছে ঠিকই, কিন্তু শাসনব্যবস্থায় কোনো নতুনত্ব আসেনি। গত সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মন্তব্য প্রতিবেদনে বলা হয়, সু চি যদি মিয়ানমারের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা অবরোধের প্রতি সমর্থন দিতে থাকেন, তাহলে তাঁকে ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে। সম্প্রতি সু চি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, মিয়ানমারের ওপর থেকে এখনই অবরোধ তুলে নেওয়াকে তিনি সমর্থন করেন না। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে পশ্চিমা দেশগুলো আলোচনায় বসতে পারে। তাঁর ওই মন্তব্যের পর রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁকে ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্যকে মিয়ানমারে সাধারণত সরকারের বক্তব্য হিসেবে ধরে নেওয়া হয়।তবে মন্তব্য প্রতিবেদনে প্রকাশিত হুমকির বিষয়ে এনএলডি সাবধানি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এনএলডি বলেছে, তারা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি। ফলে এ নিয়ে তারা মন্তব্য করতে চায় না। এনএলডি সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারের ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করার সঙ্গে মানবাধিকার পরিস্থিতির উন্নতি, বিশেষত রাজবন্দীদের মুক্তির বিষয়টির সংশ্লিষ্টতা থাকা দরকার। অর্থাৎ জান্তা সরকার যেসব বিরোধী রাজনীতিককে আটক করে রেখেছে তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার বিষয়টি তাঁরা সমর্থন করেন না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সময় এখনো আসেনি। অবরোধ থেকে অব্যাহতি পেতে হলে সে দেশের সরকারকে মানবাধিকার ইস্যুতে আরও অগ্রগতি অর্জন করতে হবে। এএফপি।