সু চির আপিল খারিজ
মিয়ানমারের সর্বোচ্চ আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তির আবেদন গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছেন। গত বছরের আগস্ট মাসে জান্তা সরকার তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়, এর বিরুদ্ধে সু চি আদালতে আপিল করেছিলেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন এ কথা জানান। খবর এএফপির।চলতি বছর মিয়ানমারে নির্বাচন দেওয়া হবে বলে জান্তা-প্রধানের দেওয়া ঘোষণার পর আপিল খারিজের এ রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রায় শেষে নিয়ান উইন বলেন, ‘আপিল খারিজ হয়ে গেছে। কিন্তু কেন হয়েছে, এর কোনো কারণ আমরা জানি না।’ তিনি জানান, শেষ আইনি চেষ্টা হিসেবে তাঁরা প্রধান বিচারপতি বরাবর নতুন করে একটি বিশেষ আবেদন করবেন।সু চির বন্দিদশার মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত রায় জানতে গতকাল ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা আদালতে গিয়েছিলেন। রায়ের ব্যাপারে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ পিয়েরে লাফোসেস বলেন, এটি তাঁদের কাছে অপ্রত্যাশিত ছিল না। তাঁরা এ রায়ে মোটেও আশ্চর্য হননি।১৯৯০ সালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নোবেলজয়ী নেত্রী সু চির দল জয়ী হওয়ার পর তাঁকে গৃহবন্দী করা হয়। গত বছর তাঁর বন্দিদশা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ইয়াঙ্গুনে তাঁর বাড়িতে এক মার্কিন নাগরিক নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে ঢুকে পড়েন। ওই অজুহাতে গত আগস্ট মাসে তাঁর বন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়।