সু চির আপিল বিবেচনা করতে রাজি সুপ্রিম কোর্ট
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে করা আপিলের বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছেন সে দেশের সুপ্র্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার সু চির আইনজীবী এ কথা জানান।মিয়ানমারের রাজধানী নেপিডোতে তিন বিচারকের এক প্যানেলে এই শুনানি হবে। তবে শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।গত মে মাসে সু চি সুপ্রিম কোর্টে গৃহবন্দিত্বের বিরুদ্ধে আপিল করেন। এর আগে দুবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়।২০ বছরের মধ্যে প্রথমবারের মতো মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৭ নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের কয়েক দিন পর ১৩ নভেম্বর সু চির গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হবে। তবে কেউ কেউ আশঙ্কা করছেন, জান্তা সরকার কোনো ধরনের অজুহাতে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়াতে পারে।দুই দশকের অধিকাংশ সময় ধরে সু চি গৃহবন্দী আছেন। গত বছর তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হয়।উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়লাভ করলেও দলটিকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। উপরন্তু গত দুই দশকের অধিকাংশ সময় সু চি গৃহবন্দী রয়েছেন। এএফপি।