সু চির আপিলের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানোর বিরুদ্ধে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির করা আপিলের রায় দেওয়া হবে আজ শুক্রবার। দেশটির সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইয়াঙ্গুনে অবস্থিত সুপ্রিম কোর্ট আজ সকাল ১০টায় এ রায় দেবেন। এএফপি।৬৪ বছর বয়সী অং সান সু চির গৃহবন্দিত্বের মেয়াদ গত বছরের মাঝামাঝি সময়ে শেষ হয়ে যায়। কিন্তু ওই সময় এক মার্কিন নাগরিক একটি বিশাল লেক পাড়ি দিয়ে সু চির বাড়িতে ঢুকে পড়েন। কিন্তু সামরিক জান্তা সু চির বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গ ও দেশের আইন অমান্যের ঠুনকো অভিযোগ এনে গত আগস্টে তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দেয়। এ রায়ের বিরুদ্ধে সু চি নিম্ন আদালতে আবেদন করলে গত অক্টোবর মাসে তা বাতিল হয়ে যায়। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এ গণতন্ত্রপন্থী নেত্রী বিগত প্রায় ২০ বছরে অধিকাংশ সময়ই গৃহবন্দী আছেন। সামরিক সরকার এ বছর দেশটিতে সাধারণ নির্বাচন দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার জন্য সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানো হয়েছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। তবে নির্বাচনের কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।