সু চির আপিলের শুনানি শুরু
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে করা আপিলের শুনানি গতকাল সোমবার দেশটির সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে রায় ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।অং সান সু চিকে অতিরিক্ত ১৮ মাস গৃহবন্দী রাখার আদেশের বিরুদ্ধে করা আপিল নিম্ন আদালতে খারিজ হয়ে যাওয়ার পর তাঁর আইনজীবীরা গত মাসে সুপ্রিম কোর্টে আপিল করেন। গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানো হয়। সু চির আইনজীবী নিয়ান উইন বলেন, সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বৃদ্ধি বেআইনি। কারণ ১৯৭৪ সালের সংবিধানের ধারা অনুযায়ী ওই রায় দেওয়া হয়েছিল। কিন্তু ওই আইন এখন আর কার্যকর নেই। তিনি আদালতে ওই বিষয়টি তুলে ধরবেন।সু চির দুই নারী সহযোগীর গৃহবন্দীদের আদেশও পর্যালোচনা করে দেখতে রাজি হয়েছে আদালত। সু চির ওই দুই নারী সহযোগীকেও ১৮ মাস গৃহবন্দী রাখার আদেশ দেওয়া হয়েছে।অং সান সু চির শুনানিতে হাজির থাকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই আটকাবস্থায় রয়েছেন তিনি।সু চির গৃহবন্দিত্বের আদেশ বহাল থাকার অর্থ হচ্ছে, মিয়ানমারের আসন্ন সাধারণ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ১৯৯০ সালের নির্বাচনে সু চির দল বিপুল জয়লাভ করলেও সামরিক জান্তা কখনো ওই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি।সু চির আইনজীবী নিয়ান উইন বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আদালত রায় দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।