সু চির আসনের ফলাফলের দিকে তাকিয়ে সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গত ৫০ বছরের মধ্যে তৃতীয় নির্বাচন হচ্ছে আজ ১ এপ্রিল। পার্লামেন্টের ৪৫টি আসনের উপনির্বাচনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অংশ নিচ্ছে। সু চি লড়ছেন ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমের কাহমু আসন থেকে। এই আসনের ফলাফল কী হয়, তা দেখতে উৎসুক আন্তর্জাতিক বিশ্ব। নির্বাচনের সব প্রস্তুতি গতকাল শনিবারই শেষ হয়েছে। মিয়ানমারের নতুন বেসামরিক সরকার গণতন্ত্রের পথে আরও উত্তরণের কথা বলে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।সু চি এর মধ্যে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে জোরালো প্রচারণা চালান শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি। এনএলডির নেতা ও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মে উইন মিন্ত আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁদের মনোনীত প্রার্থী সম্পর্কে ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণ, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) লোগো তাঁদের দল এনএলডির লোগোর মতো। এনএলডি থেকে কিছু নেতা বের হয়ে গিয়ে এনডিএফ গঠন করেন। সু চির দলের মূল প্রতিদ্বন্দ্বী অবশ্য এনডিএফ নয়। সাবেক সামরিক জান্তার দল বর্তমান ক্ষমতাসীন ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি পার্টির (ইউডিএসপি) সঙ্গে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এই জান্তা সু চিকে বছরের পর বছর গৃহবন্দী রাখে। এনএলডির অনেক নেতা ক্ষমতাসীন এই দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অনিয়মের অভিযোগ তুলেছেন। এনএলডির প্রার্থী ফাইয়ু ফাইয়ু থিন জানান, তাঁরা শনিবার বিশ্রাম নেবেন। তিনি বলেন, ‘রোববারের নির্বাচনের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের ফলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এনএলডি অবশ্যই জয়ী হবে।’আজকের নির্বাচনে ৪৫ আসনের আসনের মধ্যে ৪৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনএলডির প্রার্থীরা। মিয়ানমারের সাপ্তাহিক সংবাদ সাময়িকী ওপেন নিউজ-এর তিহা স বলেন, তাঁর ধারণা, সু চির দল ২২টি আসনে জয়ী হবে। মিয়ানমারের সাংবাদিকেরা নির্বাচনী ফলাফল জানাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলে। প্রচারণায় এনএলডি দারুণ সাড়া ফেলে। দলটির প্রচারণায় সময় গাওয়া ‘আমাদের মা ফিরে এসেছেন’ শীর্ষক গানটি এখন সবার মুখে মুখে ফিরছে। এএফপি, রয়টার্স, বিবিসি।