সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে করা আবেদন খারিজ
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর গৃহবন্দিত্বের বিরুদ্ধে যে আবেদন করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন সে দেশের সর্বোচ্চ আদালত। তবে কেন এ আবেদন বাতিল করে দেওয়া হলো, সে সম্পর্কে আদালত কিছু বলেননি।আদালত সু চির আবেদন খারিজ করে দিলেও তাঁর সমর্থকেরা নেত্রীর মুক্তির ব্যাপারে হাল ছাড়েননি। তাঁদের প্রত্যাশা, কাল শনিবারই সু চিকে মুক্তি দেওয়া হবে।শান্তিতে নোবেল জয়ী এই নেত্রীর গৃহবন্দিত্বের মেয়াদকাল ১৩ নভেম্বর শেষ হবে। তবে এ দিনই সু চি মুক্তি পাবেন কি না, সামরিক জান্তা সরকার এখনো তা নিশ্চিত করেনি। কিন্তু সরকারি কর্মকর্তাদের কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন, সু চির মুক্তির ব্যাপারে সরকারের ভেতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘সু চির মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো নির্দেশ পাইনি। তবে ১৩ নভেম্বর সামনে রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করছি।’ অপর এক কর্মকর্তা বলেন, ‘সু চির মুক্তির ব্যাপারে আমরা এখনো কোনো নির্দেশ পাইনি। এ ব্যাপারে শেষ মুহূর্তে নির্দেশ আসতে পারে।’এদিকে সু চির ছোট ছেলে কিম অ্যারিসকে মায়ের সঙ্গে দেখা করতে এরই মধ্যে মিয়ানমারের ভিসা দেওয়া হয়েছে। সু চি কাল মুক্তি পেলে গত ১০ বছরের মধ্যে এটাই হবে মা-ছেলের প্রথম সাক্ষাৎ। অ্যারিস বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন। এর আগে একাধিকবার তিনি ভিসার আবেদন করলেও তা অনুমোদন করা হয়নি।গত ২০ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দী রয়েছেন অং সান সু চি। তবে ২০০৯ সালের আগস্টের আগ পর্যন্ত এই দীর্ঘ সময়ে তাঁকে কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়নি। গত বছর তাঁর বিরুদ্ধে গৃহবন্দিত্বের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়। তাঁর বাড়ির পাশের লেক সাঁতরে পার হওয়ার সময় অনাহূত একজন মার্কিন নাগরিক ধরা পড়েন। এ ঘটনায় সু চির গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়। কাল এই মেয়াদ শেষ হবে।এর আগে এ অভিযোগের বিরুদ্ধে সু চির করা দুটি আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর করা শেষ আবেদনটিও গতকাল খারিজ করে দেওয়া হলো।সু চির আইনজীবী নিয়ান উইন জানান, আদালত আবেদন খারিজের বিষয়টি গতকাল নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, ‘আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।’ নোটিশে এর চেয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ক্ষোভ প্রকাশ করে উইন বলেন, ‘সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্ত পুরোপুরি ভুল হয়েছে। এতেই বোঝা যাচ্ছে, দেশের বিচারব্যবস্থা কোন পর্যায়ে গেছে।’ এএফপি।