সু চির জন্মদিনে তাঁর মুক্তির দাবিতে সরব বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গাছ রোপণ, ওয়াশিংটনে বিক্ষোভ। ফিলিপাইন ও ব্যাংককে কেক কাটা, ব্রিটেনে মুখোশ পরে বিক্ষোভের আয়োজন। বিশ্বের নানা প্রান্তে যে যেভাবে পারছে উদ্যাপন করছে তাঁর জন্মদিন। তিনি হলেন অং সান সু চি। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী। আজ তাঁর ৬৫তম জন্মদিনে সবারই একটাই দাবি, তাঁর মুক্তি।প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে সমর্থকেরা আজ ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে বাড়িতে বাড়িতে অনুষ্ঠান করবে। কিন্তু সেসব অনুষ্ঠানের কোনোটাতেই থাকা হবে না সু চির। তিনি তখন থাকবেন লেকের পাশে অবস্থিত জননিরবচ্ছিন্ন সেই নির্জন বাড়িটিতে। যেখানে বছরের পর বছর ধরে তিনি অবস্থান করছেন। সেখানে নেই টেলিফোন, নেই ইন্টারনেট সংযোগ। বাইরের বিশ্ব থেকে একেবারেই আলাদা করে রাখা হয়েছে তাঁকে। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদস্যরা নেত্রীর জন্মদিন উপলক্ষে মিয়ানমারজুড়ে ২০ হাজার গাছের চারা রোপণ করছেন। উদ্দেশ্য, প্রিয় মানুষটির মুক্তি কামনা।এনএলডির যুব সংগঠনের সদস্য ২৯ বছরের মিন জ উ বলেছেন, ‘দও সু ছাড়া দলের নেতৃত্ব ভাবাই কষ্টকর। তবু আমরা তাঁর আদর্শ ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করছি। মানুষের কল্যাণে দও সুর আজীবন সংগ্রামই আমাদের উজ্জীবিত করেছে।’ তিনি বলেন, ‘দও সু আমাদের আদর্শ। তাঁর প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস অব্যাহত থাকবে। কেবল তাঁর জন্মদিনেই নয়; সর্বদাই তাঁর মুক্তির জন্য প্রার্থনা করি আমরা।’ মিয়ানমারে সু চির সমর্থকেরা তাঁকে সম্মান করে ‘দও সু’ নামে ডাকে। এনএলডির যুব নারী সংগঠনের সদস্য নানদার লিন বলেন, ‘আজ আমরা সু চির দেওয়া অতীতের বক্তব্য স্মরণ করব। জন্মদিনে তাঁর প্রতি এটাই হবে আমাদের শ্রেষ্ঠ উপহার।’ তিনি বিলাপ করে বলেন, ‘২০০৭ সালে আমি এনএলডিতে যোগদান করি। অথচ সেই থেকে এখনো পর্যন্ত আমি সু চিকে দেখিনি।’সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, ‘চাপের মুখে নৈতিক বিজয়ের বৈশ্বিক দৃষ্টান্ত হচ্ছেন সু চি।’ সু চির জন্মদিন উপলক্ষে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশ্বের নামজাদা সাবেক নেতারা উপস্থিত ছিলেন। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ডেভিড ম্যাথিসন বলেন, ‘সু চি যত দিন বেঁচে থাকবেন, তিনি যত দিন মিয়ানমারে থাকবেন, তত দিন তিনি দেশটির সামরিক জান্তা সরকারের জন্য হুমকি হয়ে থাকবেন। এএফপি।