সু চির দল আজ রাজনীতিতে ফেরার ঘোষণা দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আজ শুক্রবার রাজনীতিতে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এ ঘোষণার ফলে দেশটির সেনাসমর্থিত নামমাত্র বেসামরিক সরকার অনেকটাই বৈধতা পাবে।রাজনৈতিক দল হিসেবে নতুন করে নিবন্ধনের ব্যাপারে গতকাল এনএলডির প্রায় ১০০ জন নেতার ইয়াঙ্গুনে আলোচনায় বসার কথা। মিয়ানমারে ২০ বছরের মধ্যে গত নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বর্তমান সরকার গঠিত হয়। এ নির্বাচনে অংশ নিতে পারেনি সুচির দল এনএলডি।এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, রাজনৈতিক দল হিসেবে এনএলডি নিবন্ধিত হবে এবং সু চি আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন। কখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে দেশটির দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টে উপনির্বাচনের অপেক্ষায় ৪০টি আসন রয়েছে।গৃহবন্দিত্ব থেকে সু চির মুক্তির এক বছর পূর্তিতে গত সোমবার এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, গত এক বছরে যে পরিবর্তনের আবহ তৈরি হয়েছে, এতে তিনি ‘উদ্বুদ্ধ’ হয়েছেন। এএফপি।