সু চির দল বিলুপ্ত নতুন দল হচ্ছে
মিয়ানমারের নতুন নির্বাচনী আইন অনুসারে সে দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দল বিলুপ্ত হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা বলেন, আইন অনুসারে এনএলডি এখন আর বৈধ নিবন্ধনভুক্ত দল নয়। সেটি এখন নিশ্চিত। বিতর্কিত নির্বাচনী আইন অনুযায়ী এনএলডিকে টিকে থাকতে হলে সু চিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে বাদ দিয়ে ৬ মের মধ্যে পুনবায় নিবন্ধন করতে হতো। কিন্তু সু চির দল তা না করে উল্টো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ক্ষমতাসীন জান্তা প্রণীত নির্বাচনী আইন অনুসারে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে। এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, সাবেক সদস্যরা ইয়াঙ্গুনে অবস্থিত দলের সদর দপ্তর থেকে তাঁদের কার্যক্রম অব্যাহত রাখবেন।নিয়ান উইন দলের বিলুপ্তি সম্পর্কে বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের এখনো এ ব্যাপারে কিছু বলেনি। তবে এটি আইন অনুযায়ীই করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা বৈধ দল হিসেবে থাকব না। কিন্তু আমাদের সদর দপ্তর আগের মতোই খোলা থাকবে।’ নতুন দল গঠনমিয়ানমারের গণতন্ত্রপন্থীরা গতকাল শুক্রবার বলেছেন, জান্তা সরকার সু চির দল বিলুপ্ত করলে তাঁরা একটি নতুন দল গঠন করবেন। তবে অজ্ঞাতনামা ওই দলে এনএলডির কমপক্ষে ২৫ জন জ্যেষ্ঠ নেতা স্বাক্ষর করেছেন। শীর্ষস্থানীয় এক সদস্য খিন মাং সয়ে বলেন, ‘এনএলডি শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এনএলডির অসমাপ্ত কাজগুলো গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মতাদর্শ অনুযায়ী করব।’ খিন মাং বলেন, ‘এ মাসেই দলের নিবন্ধন করার টার্গেট রয়েছে। তবে তাঁরা নির্বাচনে অংশ নেবেন কি না, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।’ এনএলডির মুখপাত্র নিয়ান উইন নতুন দল প্রতিষ্ঠাতাদের প্রতি আহ্বান জানান, তাঁরা যেন এ নির্বাচনে অংশ না নেন। এদিকে বিশ্লেষকেরা বলেন, সু চির দলের জ্যেষ্ঠ নেতা ও নতুন নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। কারণ নির্বাচন বর্জনের ব্যাপারে সবাই একমত ছিলেন না। এএফপি।