মিয়ানমার সরকার গতকাল মঙ্গলবার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) রাজনীতির মূল ধারায় ফেরার সবুজ সংকেত দিয়েছে। পূর্বঘোষিত সংস্কারকাজ অব্যাহত রেখে দেশটি গত কয়েক দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে গতকাল বলা হয়, সরকারের সম্প্রতি নেওয়া সংস্কার কর্মসূচির ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সু চির এনএলডিকে আবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়টি অনুমোদন করেছে। সামরিক জান্তার জারি করা ‘অন্যায্য’ নির্বাচনী বিধির প্রতিবাদে এনএলডি ২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করায় দলটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।এদিকে সরকার দেশটির উত্তর এলাকার উপজাতীয় কাচিন বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা গত সোমবার জানান, প্রেসিডেন্ট থেইন সেইন কাচিন ইনডিপেনডেন্ট আর্মি আক্রমণ করলেই কেবল আত্মরক্ষার তাগিদে তাদের লক্ষ্য করে সেনাবাহিনীকে গুলি ছোড়ার নির্দেশ দিয়েছেন। গত জুন থেকে ওই এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের তীব্রতা বেড়েছে।মিয়ানমারের লেখক, ইতিহাসবিদ ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা থান্ত মিয়ন্ত-ইউ গতকাল সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠেয় উপনির্বাচনের আগে সব না হলেও বেশির ভাগ রাজবন্দীকে মুক্তি দিতে পারে সরকার। সরকার এরই মধ্যে বেশ কিছু বন্দীকে মুক্তি দিয়েছে। প্রভাবশালী ভাষ্যকার থান্ত মিয়ন্ত-ইউ জানান, অধিকাংশ গোষ্ঠী ও পশ্চিমা দূতাবাসগুলোর মত অনুযায়ী বর্তমানে রাজবন্দীর সংখ্যা প্রায় ৫০০ হবে। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।