সু চির দলকে সহায়তা দিচ্ছে সাবেক জান্তার ঘনিষ্ঠরা
মিয়ানমারের সাবেক সামরিক জান্তার ঘনিষ্ঠরা নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টায় অনেক দূর এগিয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) তারা এখন আর্থিক সহায়তা দিচ্ছে। অথচ ওই জান্তার শাসনামলে সু চিকে প্রায় দুই দশকব্যাপী গৃহবন্দী রাখা হয়েছিল। আর্থিক সহায়তা গ্রহণের ব্যাপারে সু চির সম্মতি তাঁর আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে বিষয়টি নিয়ে মিয়ানমারে তেমন কোনো সাড়া পড়েনি। রাজনৈতিক বিচক্ষণতা ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার বিবেচনায় তাঁর ওই সিদ্ধান্তের প্রশংসা করে সমর্থকেরা স্বাগত জানিয়েছেন। শিক্ষা কার্যক্রমে ওই অর্থ ব্যয় করা হবে। এই সুযোগে সাবেক জান্তার ঘনিষ্ঠরা জনগণের কাছে নিজেদের অবস্থান পরিবর্তনের চেষ্টা অব্যাহত রেখেছে।২০১১ সালে বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর মিয়ানমারে বেশ কিছু নাটকীয় সংস্কারের উদ্যোগ নেয়। সামরিক কর্মকর্তাদের সমর্থনপুষ্ট হলেও বর্তমান সরকার এনএলডির সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তহবিল সংগ্রহের লক্ষ্যে আয়োজিত কনসার্টের মাধ্যমে এনএলডি সম্প্রতি আড়াই লাখ মার্কিন ডলার পেয়েছে। সাবেক জান্তার ঘনিষ্ঠদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ অর্থ দিয়েছে। এজিবি ব্যাংকের স্বত্বাধিকারী ধনকুবের তে জা একাই এনএলডিকে ৪৭ হাজার মার্কিন ডলার দিয়েছেন। দেশটিতে প্রায় অর্ধশতাব্দীব্যাপী জান্তার শাসনামলে ওই ব্যবসায়ীরা বিপুল অর্থবিত্তের মালিক হন। পশ্চিমা দেশগুলো ওই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কালোতালিকাভুক্ত করে। অং সান সু চি অবশ্য আর্থিক সহায়তা গ্রহণ প্রসঙ্গে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে গত সপ্তাহে বলেন, অপচয় করার চেয়ে জনহিতকর কোনো কাজে অর্থ দান করা ভালো। নিজেদের সংশোধনের সুযোগ যে কাউকে দেওয়া উচিত। তারা কতটা ভুল করেছিল, সেটা বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। এনএলডির মানবিক ও শিক্ষানীতিসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নেতা মিন্ট সেইন বলেন, সহায়তা হিসেবে প্রাপ্ত যাবতীয় অর্থ শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে, দলের অন্য কোনো কাজে নয়। রয়টার্স।