সু চির প্রতি ইংলাক সিনাওয়াত্রার সমর্থন
মিয়ানমারে আসন্ন উপনির্বাচনে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির অংশগ্রহণের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। সু চির সঙ্গে এক বৈঠকের সময় ইংলাক এ সমর্থন জানান।মিয়ানমারের ইয়াঙ্গুনে থাই দূতাবাসে দুই নেত্রীর মধ্যে গত মঙ্গলবার ঐতিহাসিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশি কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই ছিল সু চির প্রথম বৈঠক। ‘সুষ্ঠু পরিবেশে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করে থাই সরকারের মুখপাত্র তিতিমা চাইসাং বলেন, উপনির্বাচনে জয়ের ব্যাপারে ওই বৈঠকে আশা প্রকাশ করেন সু চি। এ সময় সু চির প্রতি সমর্থন ব্যক্ত করেন থাই প্রধানমন্ত্রী।উপনির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দীর্ঘ ২১ বছরের মধ্যে মিয়ানমারে এই প্রথম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন অং সান সু চি। ১৯৯০ সালের নির্বাচনে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়ী হলেও সামরিক জান্তা দলটির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। এরপর সু চিকে গৃহবন্দী করে রাখা হয়। গত দুই দশকের বেশির ভাগ সময় তিনি অন্তরীণ ছিলেন। এরপর গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পর তাঁকে মুক্তি দেওয়া হয়। এনএলডি ওই নির্বাচন বর্জন করে।মিয়ানমার সরকার চলতি মাসে এনএলডির জন্য মূলধারার রাজনীতিতে ফিরে আসার পথ সুগম করে এবং সু চিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশগ্রহণের সুযোগ করে দেয়।বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ মিয়ানমারে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানান ইংলাক সিনাওয়াত্রা। তিনি বলেন, মিয়ানমার পরিস্থিতির অগ্রগতি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের আঞ্চলিক জোটের (আসিয়ান) জন্য ইতিবাচক হবে।দেশে ফিরে সাংবাদিকদের উদ্দেশে ইংলাক বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ উন্মুক্ত করতে মিয়ানমার সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে। এ ব্যাপারে ভবিষ্যৎ অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে মিয়ানমারের আপাত-বেসামরিক সরকার গৃহীত সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। থাই প্রধানমন্ত্রীর বক্তব্যে একই ধরনের মনোভাব প্রতিফলিত হয়।থাই প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী মিয়ানমার সফরের শুরুতে গত সোমবার রাজধানী নেপিডোয় দেশটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে গত আগস্টে দায়িত্বগ্রহণ করেন ইংলাক। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ভাই থাকসিন সিনাওয়াত্রার সমর্থন নিয়ে সাধারণ নির্বাচনে তিনি জয়লাভ করেন। ২০০৬ সালে এক অভ্যুত্থানে থাকসিনের পতন হয়। এএফপি।