সু চির বক্তব্য কাটছাঁট করার অভিযোগ
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বক্তব্য কাটছাঁট করে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। রেডিও ফ্রি এশিয়াকে গত শুক্রবার সু চি বলেন, নির্বাচনী প্রচারণাকালে তাঁর দেওয়া বক্তব্য থেকে সাবেক সামরিক জান্তার সমালোচনার অংশটি বাদ দেওয়া হয়।ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে সমপ্রচারের আগে তাঁর বক্তব্য থেকে একটি অনুচ্ছেদ বাদ দিয়েছেন সরকারি কর্মকর্তারা। ওই বক্তব্যের লিখিত অনুলিপি কর্তৃপক্ষের কাছে আগেই জমা দিতে হয়েছিল। বক্তব্যের যে অংশে তিনি সাবেক জান্তা সরকারের শাসনামলের গণবিরোধী বিভিন্ন আইন প্রবর্তনের সমালোচনা করেন, সেই অংশটি বাদ দেওয়া হয়।মিয়ানমারে আগামী ১ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ক্ষমতাসীন ছিল সামরিক সরকার। সেনা-সমর্থিত বেসামরিক সরকার গত বছর দেশটির ক্ষমতায় আসার পর থেকে সংস্কারমূলক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। গণতন্ত্রপন্থী নেত্রী সু চি গত দুই দশকের অধিকাংশ সময় অন্তরীণ ছিলেন। সমপ্রতি তাঁকে মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়। আসন্ন উপনির্বাচনে পার্লামেন্টের ৪৮ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে এনএলডি।এই উপনির্বাচন প্রমাণ করবে সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকার কতটা আন্তরিক। পর্যবেক্ষকেরা মনে করেন, সংস্কার উদ্যোগকে বৈধতা দেওয়ার জন্য একটি আসনে সু চির জয় চাইবে সরকার। এতে দেশটির ওপর থেকে পশ্চিমা বিভিন্ন দেশের আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জোরদার হবে। এএফপি।