মিয়ানমারের গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির প্রত্যাশিত মুক্তির ব্যাপারে প্রস্তুতি চলছে। সাধারণ নির্বাচনে সামরিক জান্তা-সমর্থিত রাজনৈতিক দল বিপুল জয় দাবি করার পর গতকাল বুধবার কর্মকর্তারা এ কথা জানান। আগামী শনিবার তিনি মুক্তি পাবেন বলে অনেকে আশা করছেন।তবে অনেকে আশঙ্কা করছেন, সু চিকে এত সহজে মুক্তি দেবে না জান্তা। কোনো অজুহাত তুলে শেষ মুহূর্তে গৃহবন্দিত্বের মেয়াদ বাড়াবে তারা। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘সু চির মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো নির্দেশ পাইনি। তবে ১৩ নভেম্বর সামনে রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করছি।’সু চিকে দুই দশক ধরে গৃহবন্দী রেখেছে সামরিক জান্তা। গত বছর তাঁর বাড়ির পাশের লেক সাঁতরে পার হওয়ার সময় অনাহূত একজন মার্কিন নাগরিক ধরা পড়েন। এ ঘটনায় সু চির গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়ানো হয়। ১৩ নভেম্বর এই মেয়াদ শেষ হবে। তবে অনেকে আশঙ্কা করছেন, জান্তা-প্রধান জেনারেল থান শোয়ে কোনো অজুহাত খাড়া করে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়াবেন।সু চির আইনজীবীরা বলেন, গত বছরের ১৪ মে থেকে সু চির নতুন মেয়াদে গৃহবন্দী থাকা শুরু হয়েছে। শনিবার তাঁকে মুক্তি দেওয়া হবে বলে তাঁরা আশা করছেন। তবে সরকার সু চিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার প্রস্তাব করলেতিনি সম্ভবত তা গ্রহণ করবেন না। দুই দশক আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল জয় পেলেও সামরিক জান্তা তাদের ক্ষমতায় যেতে দেয়নি। গত সেপ্টেম্বর মাসে সামরিক জান্তা এনএলডিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। এরপর এনএলডির দলের কিছু নেতা-কর্মী মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স (এনডিএফ) নামে আলাদা রাজনৈতিক দল গঠন করেন। দলটি নির্বাচনে অংশ নিলেও সুবিধা করতে পারেনি। জান্তা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিরুদ্ধে তারা ভোট জালিয়াতি ও আগাম ভোট নেওয়ার অভিযোগ তুলেছে। এএফপি।