সু চির রাজনৈতিক দলের নতুন নির্বাচনী প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গতকাল সোমবার তাদের নতুন নির্বাচনী প্রতীক প্রকাশ করেছে। নতুন প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে একটি সাদা তারকার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকা একটি লড়াকু ময়ূর। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে এনএলডির এই নতুন প্রতীক নির্বাচনের কথা ঘোষণা করা হয়।এনএলডির জ্যেষ্ঠ নেতা উইন হতেইন জানান, তাঁদের দলীয় পতাকার সঙ্গে সাদৃশ্য রেখে এই নতুন নির্বাচনী প্রতীক পরিবর্তনের সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি বলেন, সাদা তারকা বিপ্লবকে নির্দেশ করে। বেশ কয়েক বছর আগে এটাকে বিপ্লবের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আর ১৯৮৮ সালে দেশটির তৎকালীন সামরিক জান্তার বিরুদ্ধে গণতান্ত্রিক অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্মরণে ময়ূর বেছে নেওয়া হয়েছে। এএফপি।