মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে সে দেশে মার্কিন সাহায্য বিষয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ল্যারি ডিঙ্গার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি মিয়ানমারের জান্তা-সমর্থিত কর্তৃপক্ষের সঙ্গেও পরামর্শ করছেন বলে উল্লেখ করেন।দীর্ঘদিন ধরে জান্তাশাসিত মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে। তবে জরুরি পরিস্থিতি ও মানবিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সহায়তা দিচ্ছে। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সম্প্রতি মিয়ানমারের ওপর অবরোধ অব্যাহত রাখতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানায়।মিয়ানমারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ল্যারি ডিঙ্গার বলেন, ‘মিয়ানমারে মার্কিন সহায়তার বিষয়ে সু চি ও তাঁর দল এনএলডির সঙ্গে আলোচনা গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি, এ আলোচনা চলবে।’ তিনি বলেন, ‘আমরা নেপিডো কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি। মিয়ানমারের জন্য মার্কিন নীতিনির্ধারণে কথা বলছি আমরা।’মিয়ানমারের সমালোচকেরা দেশটিতে দুই হাজার রাজনৈতিক বন্দীর মুক্তি দাবি করে সবার অংশগ্রহণে সরকার পরিচালনার দাবি জানিয়েছেন। দেশটিতে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জান্তা-সমর্থিত দল জয়লাভ করে। সু চির দল এনএলডি এতে অংশ নিতে পারেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ওই নির্বাচনের নিন্দা জানায়।মিয়ানমারের ঘনিষ্ঠ বলে পরিচিত থাইল্যান্ড, চীন ও ভারতের সঙ্গে দেশটির সক্রিয় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। মিয়ানমারের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হাতে। এনএলডি সম্প্রতি এক বিবৃতিতে জানায়, মিয়ানমারের ওপর বহির্বিশ্বের অবরোধ দেশটির সাধারণ জনগণের ওপর কোনো প্রভাব ফেলে না। বরং এতে জান্তা সরকার ও তার ঘনিষ্ঠরা চাপে পড়ে। তবে দলটি অবরোধ প্রত্যাহার বা তা আরও কঠোর করার মতো কোনো কথা উল্লেখ করেনি। বিবৃতিতে আরও বলা হয়, এনএলডি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে অবরোধ নিয়ে কথা বলবে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার নিশ্চিত ও সমৃদ্ধ অর্থনীতির স্বার্থে কখন ও কীভাবে অবরোধে পরিবর্তন আনা যায়, তা নিয়ে আলোচনা করবে। বিবিসি।