সু চির সঙ্গে রোহিঙ্গাদের সাক্ষাতে নিষেধাজ্ঞা!
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে জাপানে স্বাগত জানিয়ে তাঁর সঙ্গে দেখা করার ব্যাপারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে নিষেধ করা হয়েছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করেন। সু চি আগামীকাল শনিবার ছয় দিনের সফরে জাপানে যাবেন। দেশটিতে প্রায় তিন দশকের মধ্যে এটিই হবে তাঁর প্রথম সফর। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৮৫-৮৬ সালে গবেষণা করেছিলেন। জাপান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি জাপানে বসবাসরত মিয়ানমারের অন্তত ১০ হাজার নাগরিকের একটি প্রতিনিধিদলের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে সেখানকার প্রায় ২০০ জন রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের নেতা জ মিন তুত বলেন, তাঁরা সু চিকে স্বাগত জানানোর অনুষ্ঠানে কাঙ্ক্ষিত নন বলে জানানো হয়েছে। কারণ, ওই অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বৌদ্ধ সংখ্যালঘুদের একাংশ। তাই বহু বছর ধরে জাপানে অবস্থান সত্ত্বেও রোহিঙ্গাদের ওই অনুষ্ঠানে যেতে দেওয়া হবে না। তাঁরা অবশ্যই সু চির সঙ্গে দেখা করতে চান, কিন্তু সেখানে কোনো ঝগড়া-বিবাদ চান না। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সু চিকে স্বাগত জানানোর অনুষ্ঠানটির আয়োজকেরাই এ ব্যাপারে সব সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। মিয়ানমারে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে চলমান সাম্প্রদায়িক বিরোধের ফলে দেশটিতে সংস্কার উদ্যোগ অনেকটাই আড়ালে চলে গেছে। দেশটির মধ্যাঞ্চলে গত মাসে সংঘটিত সহিংসতায় অন্তত ৪৩ জনকে হত্যা এবং মুসলিম সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংস করা হয়। এএফপি।