সুইজারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলের সিয়ন শহরে একটি সুড়ঙ্গপথের দেয়ালের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের ধাক্কা লেগে ২২ শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৪ জন। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটিতে বেলজিয়ামের ৫২ জন পর্যটক ছিলেন। তাঁরা সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের (প্রশাসনিক উপবিভাগ) সিয়েরি শহরের ভাল দ’ অ্যানিভিয়ার্সে ছুটি কাটিয়ে নিজ দেশে ফিরছিলেন।দুর্ঘটনার পরপরই বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো এক বিবৃতিতে ‘দিনটিকে বেলজিয়ামবাসীর জন্য করুণ একটি দিন’ হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এক বিবৃতিতে পুলিশ জানায়, গাড়িটি হঠাৎ করে গতিপথ পরিবর্তন করে ডানে মোড় নেয় এবং টানেলের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গপথের দুই দিকের মুখই বন্ধ করে দেন। এরপর আটজনকে হেলিকপ্টারে ও ১২ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, হতাহত শিশুদের বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে। দুটি স্কুলের এ শিক্ষার্থীরা ছুটি কাটাতে সেখানে গিয়েছিল।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ভ্যালাইস পুলিশের কমান্ডার জানান, এ দুর্ঘটনাটি একটি ‘নজিরবিহীন’ ঘটনা।তবে তদন্ত কর্মকর্তারা কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো বের করতে পারেননি। এএফপি।