সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন সুইডেনের একটি আদালত। গত বুধবার আদালত এই সিদ্ধান্তের কথা জানান। খবর বিবিসি ও এএফপির।
সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০১০ সালে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই পরোয়ানার বিরুদ্ধে আপিল করেছিলেন অ্যাসাঞ্জ। তিনি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
সুইডেনের রাজধানী স্টকহোমের একটি আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহালের পক্ষে যুক্তি তুলে ধরেন। আদালত তাঁদের যুক্তির সঙ্গে একমত হন। অ্যাসাঞ্জের আইনজীবীরা জানান, তাঁরা আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
সুইডেনে প্রত্যর্পণ এড়াতে প্রায় দুই বছর ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আছেন অ্যাসাঞ্জ। ইকুয়েডর তাঁকে রাজনৈতিক আশ্রয় দিলেও যুক্তরাজ্যের আইনের কারণে তিনি দূতাবাস ছাড়তে পারছেন না। অ্যাসাঞ্জের ধারণা, সুইডেনে প্রত্যর্পণ করা হলে স্টকহোম তাঁকে ওয়াশিংটনের হাতে তুলে দেবে। মার্কিন লাখ লাখ গোপন নথি ফাঁস করায় অ্যাসাঞ্জের ওপর চরম ক্ষুব্ধ ওয়াশিংটন। নথি ফাঁসের অভিযোগে তাঁর বিচার করতে চায় যুক্তরাষ্ট্র।
এদিকে অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ এক বিবৃতিতে তাঁর দেশের প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও অ্যাটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিসের সমালোচনা করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।