সুইডেনে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় জুলিয়ান অ্যাসাঞ্জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বিবিসির কাছে এ সংশয়ের কথা জানান তিনি।লন্ডনের হাইকোর্ট থেকে কঠোর শর্তে জামিন পাওয়ার পর ইস্টার্ন ইংল্যান্ডে এক সাংবাদিক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি বলেন, ‘আমার সুইডেনে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আইন অনুযায়ী আমার কিছু অধিকার আছে। এর মানে হলো, সারা বিশ্ব ঘুরে ঘুরে আইনজীবীদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। যাঁদের অনেকেই আমার সঙ্গে শুধু গল্প করতে চান।’ তিনি আরও বলেন, ‘আমাকে জোর করে সুইডেনে নেওয়া হতে পারে। এমন ঘটনা কখনোই ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে না।’অ্যাসাঞ্জ বলেন, ‘ওই দুই নারী পরামর্শের জন্য পুলিশের কাছে গিয়ে থাকতে পারেন। আমার কাছ থেকে কোনো রোগ তাঁদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে—এই আশঙ্কায় ওই সময় তাঁরা হয়তো মেজাজও হারিয়ে ফেলেছিলেন। আর পুলিশ এই সুযোগে বিষয়টি তাঁদের কাছে ফুলিয়ে-ফাঁপিয়ে বর্ণনা করেছেন।’গত মাসের শেষ দিকে আড়াই লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে উইকিলিকস। এর পরই অ্যাসাঞ্জ ও উইকিলিকসের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সুইডেনে করা যৌন নিপীড়নের মামলায় ৭ ডিসেম্বর লন্ডনে আত্মসমর্পণ করলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ। ১৬ ডিসেম্বর জামিন পান তিনি। এর পর থেকে তাঁকে সুইডেনে নেওয়ার প্রক্রিয়া চলছে। বিবিসি।