সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার রাতে পৃথক বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন। দেশটির গোয়েন্দা সংস্থা সায়েপো গতকাল রোববার এ তথ্য জানায়। সায়েপো এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।সুইডেনের বার্তা সংস্থা টিটি জানায়, ডোটিংগাটানের বাণিজ্যিক এলাকার সড়কে একটি গাড়িতে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে দুই ব্যক্তি সামান্য আহত হন। এর কিছুক্ষণ পর কাছাকাছি স্থানে আরেকটি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।বার্তা সংস্থাটি জানায়, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অধীনে সুইডিশ সেনাসদস্যদের উপস্থিতির প্রতিবাদে হুমকি দিয়ে তাদের কাছে একটি ই-মেইল বার্তা পাঠানো হয়। এর ১০ মিনিট পরই ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গোয়েন্দা সংস্থা সায়েপোর কাছেও অনুরূপ একটি বার্তা পাঠানো হয় বলে বার্তা সংস্থাটি জানায়। সায়েপোর নিরাপত্তা শাখার প্রধান অ্যান্ড্রার্স থর্নবার্গ বার্তা পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বার্তাটি বিস্তারিত পড়ে দেখেননি তিনি। বার্তা সংস্থা টিটি জানায়, ই-মেইল বার্তায় ‘আমাদের ভাইবোন, ছেলেমেয়েরা যেভাবে মারা গেছে, এখন আপনাদের ভাইবোন ছেলেমেয়েরাও সেভাবে মারা পড়বে’ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই বার্তায় সুইডেন ও ইউরোপে জিহাদের ডাক দেওয়া হয়েছে।গোয়েন্দা সংস্থা সায়েপোর নিরাপত্তা শাখার প্রধান অ্যান্ড্রার্স থর্নবার্গ বলেন, ‘সুইডেনের আইন অনুয়ায়ী আমরা তদন্ত শুরু করেছি। বোমা বিস্ফোরণকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধরে নিয়েছি আমরা।’ তিনি আরও বলেন, এটা আত্মঘাতী হামলা হলে, সুইডেনে এটাই প্রথম আত্মঘাতী হামলার ঘটনা।প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফেল্ডটসের একজন মুখপাত্র বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় সরকারিভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হবে না। স্টকহোমের পুলিশ প্রধান এরিক উয়িডস্ট্রান্ড জানান, গোয়েন্দা সংস্থা সায়েপো তদন্তকাজ শুরু করেছে। স্টকহোমে পুলিশের টহল জোরদার করা হবে।আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীতে সুইডেনের ৫০০ জন সেনাসদস্য রয়েছেন। চলতি বছরই সেখানে সুইডিশ সেনা অবস্থানের সময়সীমা শেষ হচ্ছে। সুইডিশ সরকার চাইলে সময়সীমা বাড়ানোর জন্য পার্লমেন্টে এর অনুমোদন করিয়ে নিতে হবে। এএফপি।