সুইডেনে হামলাকারী তৈমুর যুক্তরাজ্যে বাস করতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনে আত্মঘাতী বোমা হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। কর্মকর্তারা বলেছেন, হামলাকারীর নাম তৈমুর আবদেল ওয়াহাব আল আবদালি। ইরাকি বংশোদ্ভূত তৈমুর দীর্ঘদিন থেকে ইংল্যান্ডে বসবাস করে আসছিলেন। বেডফোর্ডশায়ারের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রিও অর্জন করেছেন। পুলিশ ইল্যাংডের লুটন শহরে তাঁর বাড়িতে গত রোববার তল্লাশি চালিয়েছে। তবে তারা তৈমুরের পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি।সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার আত্মঘাতী হামলায় হামলাকারী নিহত এবং দুই পথচারী গুরুতর আহত হন।তদন্ত কর্মকর্তারা বলেছেন, গত রোববার আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন শামাক-আল-ইসলাম তাদের ওয়েবসাইটে সর্বপ্রথম তৈমুরের পরিচয় প্রকাশ করে। তারা তৈমুরের একটি ছবিও প্রকাশ করে। ওয়েবসাইটে বলা হয়, ‘মুজাহিদ তৈমুর আবদেল ওয়াহাব আমাদের ভাই, যিনি স্টকহোমে শহীদি অভিযান চালিয়েছেন।’ শামাক-আল-ইসলাম তৈমুরের বিস্তারিত পরিচয় না দিলেও কয়েকটি সংবাদমাধ্যম ও গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে তাঁর পুরো পরিচয় পাওয়া সম্ভব হয়।ডেইলি মেইল অনলাইন বলেছে, ২৮ বছর বয়সী তৈমুর একজন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি ২০০৪ সালে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে স্পোর্টস থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। গত দশকের বেশির ভাগ সময় তিনি লুটনে কাটিয়েছেন। তাঁর এক স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ না হলেও কয়েক মাস ধরে তাঁরা আলাদা বসবাস করছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে লুটনে এবং তৈমুর স্টকহোমে থাকতেন।গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তৈমুর জঙ্গি চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। আদালতের তল্লাশি-পরোয়ানা নিয়ে গতকাল পুলিশ লুটনে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিসপত্র জব্দ করেছে। ফেসবুকে তৈমুরের অ্যাকাউন্ট রয়েছে। সেখানে তিনি লিখেছেন, তিনি ইসলামি খেলাফত রাষ্ট্রে বিশ্বাসী একটি গোষ্ঠীর সদস্য। তিনি লিখেছেন, ‘একজন মুসলমান হিসেবে আমি গর্বিত।’কর্মকর্তারা বলেছেন, তৈমুর ‘মুসলিমা’ নামের একটি ইসলামি সামাজিক ওয়েবসাইটেও ঢুকতেন। ওই ওয়েবসাইটে তিনি লিখেছেন, তিনি ২০০৪ সালে বিয়ে করেছেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। এখন তিনি আরও একটি বিয়ে করতে চান। এ বিষয়ে তাঁর স্ত্রীর সম্মতিও রয়েছে। স্বামীকে খুশি করার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, এমন সুন্নি মেয়েকে তিনি বিয়ে করতে এবং ভবিষ্যতে কোনো আরব দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান।লুটনে তৈমুরের প্রতিবেশী ইমরান খান বলেছেন, তিনি অনেকবার তৈমুরকে দেখেছেন। তিনি খুবই মিষ্টভাষী ছিলেন। তৈমুর এমন কাণ্ড ঘটিয়েছেন শুনে তিনি মর্মাহত হয়েছেন।তদন্ত কর্মকর্তারা জানান, হামলা চালানোর আগে তৈমুর সুইডেনের একটি বার্তা সংস্থা এবং পুলিশকে একটি অডিও সতর্কবার্তা ই-মেইল করেছিলেন। সেখানে তিনি আফগানিস্তানে ৫০০ সুইডিশ সেনার উপস্থিতির তীব্র সমালোচনা করেন। ওই বার্তায় তিনি নিজের সন্তানদের ভালোবাসেন বলেও উল্লেখ করেন।কর্মকর্তারা বলেছেন, এ সতর্কবার্তা পাঠানোর কয়েক মিনিটের মধ্যে স্টকহোমের সিটি সেন্টারের সামনে নিজের গাড়িতে তৈমুর বিস্ফোরণ ঘটান। কয়েক মিনিট পর তিনি একটি পাইপ বোমার বিস্ফোরণ ঘটান। এতে তিনি নিহত এবং দুই পথচারী আহত হন। এএফপি ও ডেইলি মেইল অনলাইন।