সুইফট পাখির কারখানা!
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের উত্তরের ছোট্ট বন্দরনগর কুমাই। একটি ছোট পাখির কল্যাণে উন্নতি যেন উপচে পড়ছে ওই শহরে। পাখিটি হলো সুইফট। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী এই পাখি তার গতির মতোই দ্রুত বদলে দিয়েছে ওই শহরের অর্থনৈতিক অবস্থা।সুইফট পাখির বাসা দিয়ে খুব সুস্বাদু এক স্যুপ তৈরি হয়, যে স্যুপে রসনার সাধ মেটাতে দূর-দূরান্ত থেকে ভোজনরসিকদের আগমন ঘটে ওই শহরে।কুমাই শহরজুড়ে গড়ে উঠেছে ছোট-বড় অনেক ভবন। এসব ভবনে কোনো জানালা নেই। একেকটি ভবনের মাথায় রয়েছে উঁচু স্তম্ভ। এসব স্তম্ভের গা-জুড়ে ছোট ছোট ফোকর। এসব ফোকরে বাসা বাঁধে পাখিগুলো। এভাবে প্রতিটি ভবন যেন হয়ে উঠেছে সুইফট পাখির কারখানা।কুমাইয়ে বাস করে হাতে গোনা হাজার বিশেক মানুষ। তাদের তুলনায় সেখানে এখন সুইফট পাখির সংখ্যা ১০ গুণেরও বেশি, অর্থাৎ দুই লাখের ওপরে।স্থানীয় একটি পার্কের এক প্রহরী বলেন, বছর দশেক আগে চীনারা এই পাখির বাসা করার অয়োজন শুরু করে। প্রথমদিকে ভালোই লাগত। কিন্তু এখন পুরো শহর ছেয়ে গেছে পাখি আর তাদের বাসায়।সুইফট পাখি নিজের লালা দিয়ে বাসা তৈরি করে। ওই বাসা দিয়েই তৈরি হয় স্যুপ। ঐতিহ্যবাহী চীনা খাবারের তালিকায় রয়েছে এই স্যুপ।চীনা লেখক চিং-হে হুয়াং বলেন, ‘আমি দেখেছি, অনেক চীনা নারী এটি খুব পছন্দ করেন। স্বচ্ছ জেলির মতো দেখতে এই পাখির বাসার স্যুপ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন তৈরিতে সহায়তা করে এটি।’বিশ্বজুড়ে চাহিদা বেড়ে যাওয়ায় সুইফট পাখির বাসার দাম অনেক বেড়ে গেছে। ১৯৯০-এর দশকেও প্রতি কেজি বাসা (এক কেজিতে প্রায় ১২০টি) বিক্রি হয়েছে ৪০০ মার্কিন ডলারে। সেখানে এখন প্রতি কেজির দাম প্রায় তিন হাজার ডলার।মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পাহাড়ের সুউচ্চ আবদ্ধ গুহায় সুইফট পাখির আদি নিবাস। ইন্দোনেশিয়ার পাহাড়ি এলাকায় এ ধরনের অনেক গুহা আছে। সতেরো শতকে ইন্দোনেশিয়ায় এই পাখির বাসার ব্যবসার খোঁজ মেলে। তখন ওই পাহাড়ের গুহা থেকেই বহু কষ্টে বাসাগুলো সংগ্রহ করা হতো। বিবিসি।