সুইস পর্যটককে ধর্ষণের কথা স্বীকার করেছে ৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে সুইজারল্যান্ডের এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক পাঁচ ব্যক্তি তাঁদের অপরাধ স্বীকার করেছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তা এম এস ধোদি গতকাল রোববার এ খবর জানিয়েছেন।পুলিশ জানায়, মধ্যপ্রদেশ রাজ্যে ওই সুইস নারী ও তাঁর স্বামী উত্তর ভারতের আগ্রার উদ্দেশে সাইকেল ভ্রমণ শুরু করেছিলেন। তাঁঁরা গত শুক্রবার রাতে একটি জঙ্গলের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান নেন। এ সময় তাঁরা স্থানীয় একটি গ্রামের ছয় দুর্বৃত্তের হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে এবং অপর একজনের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে একটি মামলা নথিভুক্ত করেছে। ধর্ষণের শিকার নারীর বয়স প্রায় ৪০ বছর। স্থানীয় একটি হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে দিল্লিতে পাঠানো হয়েছে। ওই দম্পতির ব্যাপারে সুইস দূতাবাসের সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে।মধ্যপ্রদেশে সুইস নাগরিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাকে ‘গভীর বেদনাদায়ক’ উল্লেখ করেছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ওই ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক ছাত্রী (২৩) গত ডিসেম্বরে গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চাঞ্চল্যকর ওই ঘটনার তিন মাস পরই মধ্যপ্রদেশে বিদেশি নারীর ওপর একই ধরনের নির্যাতন করা হলো। এতে দেশটিতে নারীর নিরাপত্তা নিয়ে সংশয় বেড়েছে।আসামির মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষ দায়ী: নয়াদিল্লির তিহার জেলে গত সপ্তাহে মেডিকেল কলেজছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামির আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এ ঘটনার জন্য কারা কর্তৃপক্ষকে দায়ী করেছে। তদন্ত কমিটি বলেছে, কারা কর্তৃপক্ষ ওই আসামির ওপর যথাযথভাবে নজর রাখতে ব্যর্থ হয়েছে। এএফপি, এপি।