সুইস সরকারকে লেখা চিঠির খসড়া অনুমোদন সুপ্রিম কোর্টের
সুইজারল্যান্ড কর্তৃপক্ষের কাছে পাঠানোর জন্য তৈরি চিঠির তৃতীয় খসড়া অবশেষে অনুমোদন করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি বেঞ্চ গতকাল বুধবার চিঠিটির সংশোধিত খসড়া অনুমোদন করেন।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে মামলা হয়েছে, সেটি পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে সুইস কর্তৃপক্ষের উদ্দেশে চিঠিটি লেখা হয়েছে। আইনমন্ত্রী ফারুক এইচ নায়েক গতকাল চিঠিটির সংশোধিত খসড়া আদালতে উপস্থাপন করেন।সংশোধিত খসড়া পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে এর একটি অংশে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের আলোকে সাবেক অ্যাটর্নি জেনারেল মালিক কাইয়ুমের পাঠানো চিঠিটি বাতিল বলে গণ্য করা উচিত। সেই সঙ্গে এটা ধরে নেওয়া উচিত যে কাইয়ুম কোনো চিঠি লেখেননি এবং পাঠানওনি। খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, সব মামলাই পুনরুজ্জীবিত করা উচিত। আইন ও সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট জারদারি মামলা মোকাবিলা করতে পারবেন।সাবেক অ্যাটর্নি কাইয়ুম ২০০৮ সালে জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়ে সুইস কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লিখেছিলেন।গতকাল আদালতে শুনানিকালে আইনমন্ত্রী বলেন, তিনি বিচার বিভাগ, সরকার ও সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। দেশের আইন লঙ্ঘন করতে তিনি আদালতে আসেননি। তিনি সর্বোচ্চ আদালতের রায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা ন্যায়বিচারের বিজয়।আদালতকক্ষের বাইরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের কোনো সম্পদ লুণ্ঠিত হয়নি। প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দেশে কিংবা দেশের বাইরে কোথাও এখন পর্যন্ত কোনো মামলা প্রমাণিত হয়নি।বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেন, চিঠির সংশোধিত খসড়া সন্তোষজনক এমনকি প্রশংসাযোগ্যও। তিনি বলেন, এই প্রথম সততার সঙ্গে চিঠিটি লেখার চেষ্টা করা হয়েছে।মামলাটির পরবর্তী শুনানি ১৪ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।জারদারির বিরুদ্ধে অভিযোগ, গত শতকের নব্বইয়ের দশকে জারদারি ও তাঁর প্রয়াত স্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সুইস ব্যাংকের মাধ্যমে এক কোটি ২০ লাখ ডলার পাচার করেছিলেন।এর আগে জারদারির বিরুদ্ধে দুর্নীতির এই মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকার করায় আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এ জন্য আদালত তাঁকে প্রতীকী শাস্তিও দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যপদ হারান গিলানি। তাঁর পরে প্রধানমন্ত্রী হিসেবে আসেন রাজা পারভেজ আশরাফ। তাঁকেও সুইস কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুরুতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ওই চিঠি না লেখার ব্যাপারে শক্ত অবস্থান নিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। কিন্তু চিঠির প্রথম দুটি খসড়া আদালতে বাতিল হয়। এরপর তৃতীয় খসড়াটি উপস্থাপন করা হলে গতকাল তা আদালত অনুমোদন করেন। ডন ও এএফপি।