সুখের ফেরিওয়ালা সামরিক জান্তা

এখানে-ওখানে বিনা মূল্যে খাবার বিতরণের ছড়াছড়ি৷ আয়োজন করা হচ্ছে কনসার্ট৷ কোথাও বা আবার নেচে-গেয়ে মানুষজনকে আনন্দ দিচ্ছেন সেনাসদস্যরাই৷
থাইল্যান্ডে সম্প্রতি সেনা অভ্যুত্থানের পর বর্তমান চিত্র এমনই৷ দেশটিতে এখন নাগরিক স্বাধীনতা নেই৷ এর পরও মানুষকে সুখের অনুভূতি দিতে ওই সব করছে জান্তা সরকার৷ খবর এএফপির৷
নির্বাচিত সরকারের কাছ থেকে গত ২২ মে ক্ষমতা কেড়ে নেওয়ার পর থাই সামরিক বাহিনী দেশটিতে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৷ গণমাধ্যমের ওপর আরোপ করা হয়েছে কড়াকড়ি৷ জিজ্ঞাসাবাদের নামে শত শত রাজনীতিক, মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদকে বিভিন্ন সেনা কার্যালয়ে ডাকা হয়৷ তাঁদের অনেককেই আটকে রাখা হয়৷
সেনাবাহিনী এরই মধ্যে জানিয়ে দিয়েছে, অন্তত এক বছরের মধ্যে দেশে নির্বাচন সম্ভব নয়৷ আর সেনা হস্তক্ষেপের পক্ষে সাফাই গেয়ে তারা বলছে, মাসের পর মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার ইতি ঘটাতে এটার দরকার ছিল৷ আর এখন অভ্যুত্থানকারীরা তাদের সামরিক শাসনের নরম দিকগুলো তুলে ধরার কৌশল প্রয়োগের চেষ্টায় ব্যতিব্যস্ত৷
ঢাকঢোল পিটিয়ে রাজপথে এসব প্রচারণার পাশাপািশ জাঁকজমকের সঙ্গে সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনেও৷ অভ্যুত্থানের নায়ক সেনাপ্রধান প্রাইউথ শান-ওশা সম্প্রতি টেলিভিশনে এক ভাষণে বলেন, ‘থাই জনগণ গত নয় মাস ধরে সম্ভবত আমার মতোই সুখী ছিল না৷ তবে গত ২২ মে থেকে সুখ এসেছে৷’
থাইল্যান্ডে এই সেনা অভ্যুত্থানের সমর্থকগোষ্ঠী যে নেই, এমন নয়৷ বিশেষ করে রাজধানী ব্যাংককভিত্তিক অভিজাত শ্রেণি, যারা আগের সরকারকে ঘৃণার চোখে দেখত, তারা জান্তা সরকারের সমর্থক৷ তবে সামরিক সরকারের ‘সুখের প্রচারণাকে’ মানবাধিকার পরিস্থিতির অবনতিকে আড়াল করার অপচেষ্টা হিসেবে দেখছেন মানবাধিকারকর্মীরা৷
উত্তর থাইল্যান্ডের শিয়াংমাই শহরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান অ্যাফেয়ার্সের গবেষণা পরিচালক পল চেম্বারস বলেন, ‘আমি মনে করি, এটা কেবলই একটা অপপ্রচার৷ এিট খুবই স্পষ্ট৷’
চলতি সপ্তাহে ব্যাংককে সেনাবাহিনী আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, তরুণ সেনাসদস্যদের একটি দল তাঁদের সুগঠিত মাংসপেশি প্রদর্শন করছিল৷ দর্শক হিসেবে আসা ৪৫ বছর বয়সী শুতামাত ক্রিচারোয়েন বললেন, ‘আজকে এখানে আসা লোকজন সুখী৷ আজ আমাদের সমাজ হাসতে শুরু করেছে৷ মানুষের কাছে সুখ ফিরে আসতে শুরু করেছে৷’
বিনা মূল্যে ভাত ও ভাজা ডিম নেওয়ার জন্য সারিতে দঁাড়ানো অরুনি অমসিন (৫৯) বললেন, ‘আমরা থাইল্যান্ডের আগের পরিবেশ ফেরত চাই৷ অতীতে লোকজন আমাদের হাসির ভূমি বলে ডাকত৷ কিন্তু এখন আমরা পরিণত হয়েছি সংকটের ভূমিতে৷’
পাশেই দেখা যায়, সামরিক বাহিনীর ঘোড়ায় চড়ে আনন্দে মাতোয়ারা শিশুরা৷ আর কিছু ব্যক্তি সেনাবাহিনীর শিবির থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা নেওয়ায় ব্যস্ত৷
২০০৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মূলত থাই সমাজ দুই ভাগে বিভক্ত৷ একদিকে থাকসিন পরিবারের সমর্থকেরা৷ এদের বেশির ভাগই দেশের উত্তর ও পূর্বাঞ্চলের দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠী৷ অন্যদিকে রয়েছে ব্যাংককের অভিজাত শ্রেণি ও দেশের দক্ষিণের বাসিন্দারা, যারা থাকসিন পরিবারের ঘোরবিরোধী৷
ক্ষমতার এই দ্বন্দ্বে নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে সেনাবাহিনী৷ তবে বিশ্লেষকেরা বলছেন, সেনাবাহিনী ‘জাতীয় সুখ’-এর প্রচারণা চালালেও, আদতে দেশে যে ‘জাতীয় অসুখ’ বিরাজমান, তা নিরাময় এত সোজা নয়৷
ব্যাংককের শুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক থিতিনান পংসুধিরাক বলেন, ‘গত এক দশকের রাজনৈতিক সংকট বিবেচনায় থাই জনগণ সামগ্রিকভাবে অসুখী এবং সেনাবাহিনী সঠিকভাবেই তা দেখছে৷ তবে কেবল প্রচারণার মাধ্যমেই এই জাতীয় অসুখ দূর করা সম্ভব নয়৷