সুচিত্রা সেন আবারও হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন  শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। কলকাতার বেসরকারি বেলভিউ হাসপাতালে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয়।

সুচিত্রা সেনের বয়স এখন ৮২। কয়েক দিন ধরে সর্দি-জ্বর-কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। কিন্তু চিকিৎসকের পরামর্শে তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে।

বেলভিউ হাসপাতালের ষষ্ঠ তলার একটি সুইটে আছেন তিনি। চিকিৎসা করছেন সুব্রত মৈত্র। গড়া হয়েছে তাঁর জন্য একটি মেডিকেল বোর্ডও। রাখা হয়েছে তাঁকে অক্সিজেন সাপোর্টে। শুক্রবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিত্সায় সাড়াও দিচ্ছেন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। হাসপাতালের স্যুটে চিকিৎসক ও নিদিষ্ট নার্স ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি স্যুপ ও সিদ্ধ খাবার খাচ্ছেন।

এর আগে সুচিত্রা সেন বেশ কয়েকবারই শারীরিক অসুস্থতা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক সুব্রত মৈত্রর কাছে চিকিৎসা নিয়েছেন। ২০০৭ সালের অক্টোবর, ২০০৮ সালের ফেব্রুয়ারি এবং ২০১০ সালের জুন মাসে চিকিৎসক মৈত্রের অধীনেই তিনি এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় সুচিত্রা-তনয়া মুনমুন সেন প্রতিদিনের মতোই হাসপাতালে এসেছিলেন মাকে দেখতে। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে। এ সময় সুচিত্রা সেন বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন মেয়ে মুনমুন সেনকে। কিন্তু চিকিৎসকেরা মুনমুন সেনকে জানিয়েছেন, আরও দুই থেকে তিন দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।