সুচিত্রা সেনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চিকিত্সকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। আজ শুক্রবার সকাল থেকেই সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়।

গত বুধবার রাতেও সুচিত্রা সেনের অবস্থার অবনতি হয়েছিল। শ্বাসকষ্টের পাশাপাশি নাড়ির স্পন্দন বেড়ে গিয়েছিল। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, তাঁর চিকিত্সার জন্য গঠিত বোর্ডের সব সদস্য ছুটে যান। মেয়ে মুনমুন সেনকে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরের পর অবস্থার সামান্য উন্নতি হলেও শুক্রবার সকাল থেকে আবার অবস্থার অবনতি হয়। এত দিন তাঁকে মুখে মাস্ক পরিয়ে অক্সিজেন দেওয়া হলেও এখন আর তিনি তা নিতে পারছেন না। এজন্য তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

চিকিত্সকেরা জানিয়েছেন, সুচিত্রা সেনের শ্বাসকষ্ট হচ্ছে। তাঁর হূত্স্পন্দনও নিয়ন্ত্রণে নেই। চিকিত্সকেরা স্বীকার করেছেন, বৃহস্পতিবারের চেয়ে পরদিন সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাঁকে একটানা অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিত্সকেরা তাঁর শারীরিক অবস্থা প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন।

মেয়ে মুনমুন সেন মায়ের অবস্থার অবনতির খবর পেয়ে শুক্রবার সকালেই হাসপাতালে চলে যান। সারা দিনই সেখানে রয়েছেন।

শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২৩ ডিসেম্বর সুচিত্রা সেন বেলভিউ ক্লিনিকে ভর্তি হন। এর পর থেকে কখনো কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কখনো স্টেরয়েড প্রয়োগ করতে হয়েছে। প্রায় প্রতিদিনই নানা শারীরিক পরীক্ষা করা হচ্ছে। শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া, শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, রক্তচাপের ওঠানামা অনিয়মিত হয়ে পড়ায় চিকিত্সকেরা শঙ্কিত রয়েছেন বলে জানা গেছে।