সুচিত্রার পৈতৃক বাড়ি উদ্ধারের আহ্বান

অবিলম্বে বাংলাদেশে পাবনায় থাকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি মৌলবাদী চক্রের দখল থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের প্রবাসী বাংলা ভাষাভাষীরা। সেখানে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়েই সদ্য প্রয়াত সুচিত্রার স্মৃতিকে ধরে রাখা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
গত রোববার নগরের জ্যাকসন হাইটসের মুক্তধারা পাঠাগারে সুচিত্রার স্মরণে এক সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা এ আহ্বান জানান।
স্মরণ সভায় আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, ফাহিম রেজা নূর, ইমাম দুলু রায়, কৌশিক আহমেদ, সৌদ চৌধুরী, গোপাল সান্যাল, ইব্রাহীম চৌধুরী, জীবন চৌধুরী, নিনি ওয়াহেদ, সেমন্তি ওয়াহেদ, মওদুর আহমেদ, রেখা আহমেদ, সৈয়দ কবির আনোয়ার প্রমুখ।
সভায় বাংলাদেশে চলমান সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের দাবি দাওয়ার প্রতি সংহতি জানানো হয়।
নিউইয়র্কে অবস্থানরত প্রবাসীরা স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।