সুদান সফরে মুরসি
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি দুই দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সুদানের রাজধানী খার্তুম পৌঁছেছেন। এটি প্রতিবেশী দেশ সুদানে মোহাম্মদ মুরসির প্রথম সফর। গণ-অভ্যুত্থানে হোসনি মোবারকের পতনের পর মুরসি গত জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। মিসর ১৯৫৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে সুদান শাসন করে। খার্তুম মুরসির এ সফরকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিশ্ল্লেষক মহল মনে করছে মুরসির আরও আগে খার্তুম সফরে আসা উচিত ছিল। সুদানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, সফরকালে মুরসি দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট ওমর আল বশির, সুদানের রাজনৈতিক নেতা এবং সুদানে বসবাসরত মিসরীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট বশিরের প্রেস সচিব এমাদ সাইয়েদ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের কারণে এটি এক ঐতিহাসিক সফর। তিনি বলেন, মুরসির সফরকালে গত সেপ্টেম্বরে দুই নেতার মধ্যে কায়রোতে অনুষ্ঠিত বৈঠকের পর্যালোচনা করা হবে।খার্তুম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানী সাফওয়াত ফানুস ইতিমধ্যে মুরসির ভারত ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ সফরের কথা উল্ল্লেখ করে বলেন, এ সফর অনেক বিলম্বে হলো। এএফপি।