জরুরি অবস্থা জারি
সুদানে আবারও সেনা অভ্যুত্থান
প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার। সেনাশাসনের প্রতিবাদে রাজপথে মানুষ। গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার।
সুদানে অভ্যুত্থানের মাধ্যমে গতকাল সোমবার নিজের হাতে শাসনক্ষমতা নিয়েছেন দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান। তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেছেন।
এর আগে সেনাপ্রধানের অনুগত সেনারা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে গ্রেপ্তার করেন। সেনাশাসনের বিরোধিতায় রাজপথে নেমেছেন বহু মানুষ। তাঁদের লক্ষ্য করে গুলি চালানোয় অন্তত ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনাপ্রধান বলেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হয়েছে। এর মধ্য দিয়ে আফ্রিকার দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা আরও খারাপের দিকে গড়ানোর আশঙ্কা করা হচ্ছে। তবে সেনাপ্রধান নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচন হবে বলে জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী খার্তুমের সেনা সদর দপ্তরের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে সেনাশাসনের বিরোধিতা করেন। ইমাম আহমেদ (২১) নামের একজন বিক্ষোভাকারী বলেন, ‘আমরা শেষ পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।’ সালেহ নামের আরেক তরুণ বলেন, ‘বুরহান আমাদের বঞ্চিত করতে পারেন না। এটা সামরিক অভ্যুত্থান।’ তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে একজন চিকিৎসক জানান।
এদিকে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর কোথায় রাখা হয়েছে, তা জানায়নি সেনারা। তিনি ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানানোর পর গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় তাদের ফেসবুকে পেজে জানায়, ওমদুরমানে রেডিও ও টেলিভিশনের সদর দপ্তরে হামলা চালিয়ে তছনছ করেছেন সেনাসদস্যরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামদকের প্রতি সমর্থন জানিয়ে সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
খার্তুমবাসী জানান, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ক্ষুব্ধ জনতার সড়কে টায়ার পোড়ানোর ছবি ছড়িয়ে পড়ে।
২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা ভাগাভাগি করে দেশ শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। তবে গত সেপ্টেম্বরে বশিরের অনুসারীদের একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে নতুন করে উত্তেজনা বাড়ে।
এ মাসের শুরুর দিকে গণতান্ত্রিক উত্তরণের বিরোধীরা রাজধানী খার্তুমের রাস্তায় নামে। তারা সেনাবাহিনীকে দেশের নিয়ন্ত্রণ নিতে আহ্বান জানায়। তবে গত সপ্তাহে রাজধানীসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে অন্তর্বর্তী সরকারের প্রতি সংহতি জানান হাজারো মানুষ। এতে অংশ নিয়েছিলেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে গ্রেপ্তারের পর ক্ষমতা নিল সেনাবাহিনী।
তবে সুদানের অর্থনীতি ধুঁকতে থাকায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন কমতির দিকে ছিল।
দেশটির দুই বৃহৎ রাজনৈতিক দল উম্মা ও সুদানিস কংগ্রেস সেনাবাহিনীর ক্ষমতা দখলের নিন্দা জানিয়েছে। তারা গ্রেপ্তার হওয়া সবার মুক্তির দাবি জানিয়েছে। এ দাবি জানিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়ন। তারা মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য।
তবে মন্ত্রীসহ ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি সেনাবাহিনী।
এদিকে গত শনি ও রোববার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ফেল্টম্যান খার্তুম সফর করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেনাবাহিনীর ক্ষমতা দখলে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে দেশটিকে দেওয়া পশ্চিমাদের আর্থিক সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে।