সুদানে দক্ষিণ সুদানিদের নীরবে স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে অবস্থানরত দক্ষিণ সুদানিরা গতকাল সোমবার নীরবে উদ্যাপন করেছে নিজ দেশের প্রথম স্বাধীনতা দিবস। রাজনৈতিক উত্তেজনা ও অর্থাভাবে তাদের দেশে ফিরতে বিলম্ব হচ্ছে। সুদানের রাজধানী খার্তুমের আশপাশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাসরত হাজার হাজার দক্ষিণ সুদানি বর্তমানে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। তারা কর্মহীন এবং দেশে ফেরার অপেক্ষায়। একজন দক্ষিণ সুদানি বলেন, ‘আমরা প্রথম স্বাধীনতা দিবসটি উদ্যাপন করতে পারছি না। এটি একটি খুবই সংবেদনশীল বিষয়।’দক্ষিণ সুদানিদের নিজ দেশে ফিরে যাওয়া অথবা সুদানে অবস্থানের বৈধতা নেওয়ার জন্য গত ৮ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়সীমা পার হয়ে যাওয়ার পর দক্ষিণ সুদানিদের অনেকে এখন পরিচয়-সংকটে রয়েছে। সহায়তাকর্মীরা বলছেন, দক্ষিণ সুদানে যেতে আগ্রহীদের সেখানে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। অপর দিকে, সুদানে অবস্থান করতে আগ্রহী দক্ষিণ সুদানিদের বৈধতা অর্জনের বিষয়টিও অনিশ্চিত। এএফপি।