সুদানে ধুঁকছে মানুষ
সবেমাত্র দিনের আলো ফুটেছে। একজন বৃদ্ধাকে দেখা গেল একটি রাস্তায়। গায়ে জীর্ণ কাপড়। কাদামাখা রাস্তাজুড়ে ছড়িয়ে আছে ময়লা। হাঁটতে হাঁটতে আবর্জনার একটি স্তূপের কাছে গিয়ে থামল সে। সেখানে জমে আছে নানা ফালতু জিনিস, এঁটোকুটো। সেখানে পাওয়া গেল ময়লামাখা পেঁয়াজের খোসা। সযত্নে তা তুলে নিয়ে খেতে শুরু করল সে। এই তার সকালের নাশতা।খাবারের অভাবে এভাবেই নোংরা আবর্জনা ও উচ্ছিষ্ট দিয়ে পেট ভরাচ্ছে সুদানের দক্ষিণাঞ্চলের মানুষ। শুধু খাবার নয়, পরার মতো পোশাকেরও অভাব রয়েছে তাদের। থাকার মতো ভালো জায়গা এবং চলাচলের মতো ভালো রাস্তাও নেই তাদের। সেখানে মানুষ এখন অনাহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ধুঁকছে।দুই দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের ধকল এখনো ভালো করেই পোহাচ্ছে সুদানের দক্ষিণাঞ্চলের মানুষ। এই যুদ্ধে কমপক্ষে ২০ লাখ লোকের প্রাণ ঝরেছে। ২০০৫ সালে যুদ্ধ শেষ হলেও এর জের থামেনি। যেসব সাহায্য সংস্থা সেখানে শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছিল, অনেকেই তিষ্ঠাতে না পেরে বের হয়ে যায়। যে কয়টি সাহায্য সংস্থা সেখানে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, তাদের একেকটি দিন কাটে যেন কঠিন বৈতরণী পার হওয়ার মতো। দক্ষিণাঞ্চলের একটি সহায়তা শিবিরের ব্যবস্থাপক তাঁর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘শান্তি আমাদের মেরে ফেলছে।’এখানে শান্তি বলতে সুদানে তাঁদের শান্তি ফিরিয়ে আনার চেষ্টাকে বোঝানো হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকার দুর্গত মানুষের অবস্থা এখন এতটাই শোচনীয় যে ভাবাই যায় না। নানা বয়সী রোগীর ভিড়ে উপচে পড়ছে হাসপাতাল। এর মধ্যে শিশুরাই বেশি। ম্যালেরিয়া ও অপুষ্টিতে ভুগছে তারা। অনেকেই ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত। ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা করার মতো কোনো উপকরণ নেই। পর্যাপ্ত শৌচাগার না থাকায় রোগীরা হাসপাতালের চারপাশে মলমূত্র ত্যাগ করছে। এসবের দুর্গন্ধে সেখানে একজন সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে।শুধু স্বাস্থ্যসেবাই নয়, খাদ্য, পানি, বাসস্থান ও যোগাযোগব্যবস্থারও একই রকম দুরবস্থা। আফ্রিকার অনেক বিশেষজ্ঞ লিখেছেন, সেখানকার মানুষ সহায়তানির্ভর হওয়ায় তাদের কাজকর্মে অসাড়তা চলে এসেছে। কিন্তু সুদান ঘুরে অভিজ্ঞতা নিয়ে আসা অনেকে বলেন, সেখানে উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্যোগের অভাব রয়েছে। নিউইয়র্ক টাইমস।