সুদানে প্রেসিডেন্ট নির্বাচনে বশিরকে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানের বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এদিকে আধা স্বায়ত্তশাসিত দক্ষিণ সুদানের প্রধান হিসেবে সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের সাবেক গেরিলা নেতা সালভা কির নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন গতকাল সোমবার এ ঘোষণা দেয়।দেশটির জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদেল আলিয়ের গতকাল খার্তুমে সাংবাদিকদের জানান, ওমর হাসান আহমেদ আল-বশিরকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। তিনি ৬৮ শতাংশ ভোট পেয়েছেন।চলতি মাসের ১১ থেকে ১৫ তারিখ অনুষ্ঠিত এই নির্বাচনের পরপরই বিরোধী দলগুলো ও নির্বাচন পর্যবেক্ষকেরা ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। নির্বাচন শুরুর আগেই বশিরের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা প্রত্যাহার করেন। দেশটিতে ২৪ বছর পর এই প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানান, আধা স্বায়ত্তশাসিত দক্ষিণ সুদানের প্রধান হিসেবে জয়লাভ করেছেন সালভা কির। তিনি ৯২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট ওমর আল-বশির আন্তর্জাতিক অপরাধ আদালতের তালিকাভুক্ত আসামি। দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন বশির। এএফপি ও রয়টার্স।