সুদানের প্রেসিডেন্ট আল-বশিরের নামে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দারফুরে গণহত্যার অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর আগে গত বছর তাঁর নামে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে দারফুরের বিদ্রোহীরা ‘বিজয়’ বলে ঘোষণা করেছে। তবে খার্তুম সরকার আদালতের এ নির্দেশকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে।আইসিসি বলেছে, দারফুরে বসবাসকারী ফুর, মাসালিত ও জাগাবা আদিবাসী গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সুদানের প্রেসিডেন্ট আল-বশির যে ধ্বংসাত্মক কাজ করেছেন, তা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে।২০০৯ সালে প্রেসিডেন্ট বশিরের নামে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সময় তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়নি। এ কারণে লুইস মরেনো ওকাম্পো নামের একজন আইনজীবী আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে বশিরের নামে গণহত্যার অভিযোগ আনার অনুরোধ করেছিলেন। তাঁর এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার সুদানের প্রেসিডেন্টের বিরুদ্ধে গণহত্যার তিনটি অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আদালত বলেছেন, দারফুরের যেসব গ্রাম ও শহরে আদিবাসীদের বসবাস, সেসব জায়গা বেছে বেছে সুদানের সরকারি বাহিনী হামলা চালিয়েছে। অন্য আদিবাসী বা বিদ্রোহীদের বসবাসকারী অঞ্চলকে পাশ কাটিয়ে যেসব গ্রাম ও শহরে ফুর, মাসালিত ও জাগাবা আদিবাসীর লোকজনের বসবাস, সেখানেই হামলা চালানো হয়েছে।আইসিসি আরও বলেছে, দারফুরের আদিবাসী এলাকাগুলোতে ধর্ষণ ও নির্যাতন এবং সেখানকার লোকজনকে জোর করে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সব ঘটনা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে আদালত উল্লেখ করেছেন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন সুদানের প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বান কি মুনের মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পূর্ণ সহায়তার জন্য খার্তুম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ ও ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে খার্তুম সরকার। দেশটির তথ্যমন্ত্রী কামাল ওবেইদ বলেছেন, প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার ঘটনা এটাই প্রমাণ করে, আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ‘আইসিসি কী সিদ্ধান্ত দিল, তাতে আমাদের কিছু আসে-যায় না। আমাদের মনোযোগ শুধু উন্নয়নকে ঘিরে।’তবে দারফুরের বিদ্রোহী গোষ্ঠী ‘জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট’ আন্তর্জাতিক আদালতের এ সিদ্ধান্তকে তাদের বিজয় বলে অভিহিত করেছে। দারফুরে গত সাত বছরের গৃহযুদ্ধে অন্তত তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ২০০৩ সালে বিদ্রোহীরা হাতে অস্ত্র তুলে নেওয়ার পর সরকারপন্থী মিলিশিয়া ‘জানজাবিদ’ সেখানে ফুর, মাসালিত ও জাগাবা আদিবাসীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। তবে প্রেসিডেন্ট বশির বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। এএফপি।