সুদিন সামনে, তবে তা নির্বাচনের পর: মোদি
মনমোহন সিং আর ভারতের প্রধানমন্ত্রী হবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির বিষয়ে কড়া কথা বলেছিলেন। এবার প্রতিশোধ নিলেন মোদি। গতকাল বৃহস্পতিবার তিনি মনমোহনকে উদ্দেশ করে বললেন, সুদিন আসবে, তবে তা লোকসভা নির্বাচনের পর। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে মনমোহন বলেছিলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী পদে যোগ্য। আর বিজেপি প্রার্থী মোদি প্রধানমন্ত্রী হলে তা দেশের জন্য ভয়ানক হবে বলেও মন্তব্য করেন তিনি। এক দশক ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকালে মোদির বিরুদ্ধে মনমোহনের এটাই ছিল প্রথম মৌখিক আক্রমণ। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ভালো হচ্ছে উল্লেখ করে মনমোহন বলেন, ‘আমরা ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি।’
মনমোহনের মন্তব্যের জবাব দিতে গতকাল নয়াদিল্লিতে জাতীয় গবেষণা ইনস্টিটিউটে প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত। ভারতের জন্য সুদিন সামনে। তবে সে জন্য আমাদের আরও চার বা ছয় মাস অপেক্ষা করতে হবে।’ আগামী মে মাসে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে জিতে বিজেপি সরকার গঠন করবে, এমনটা ইঙ্গিত করেই এসব কথা বলেন মোদি।
কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের সমালোচনা করে মোদি সরকারের বিভিন্ন ‘অপশাসন’ ও দুর্নীতির কেলেঙ্কারি তুলে ধরেন। পিটিআই।