সুদীপ্তের বাঁচা-মরার ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের স্থায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের জীবন নিয়ে এবার সংশয় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিনহা।  তিনি বলেছেন, সুদীপ্ত সেন মুখ খুললে শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেকেই ফেঁসে যেতে পারেন। তাই সুদীপ্তের জীবন সংশয় হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

বিজেপি চাইছে, নিরাপত্তা নিশ্চিত করতে সুদীপ্তকে ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় রাখা হোক। এরই মধ্যে দলের এই উদ্বেগের কথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও সারদাকাণ্ড নিয়ে গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনকে জানিয়েছেন রাহুল।

বিজেপির রাজ্য সভাপতি গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সুদীপ্ত সেন জীবিত থাকলে এই সরকার জীবিত থাকবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। সুদীপ্তের বাঁচা-মরার ওপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের সরকারের স্থায়িত্ব।’

সুদীপ্ত সেন সিবিআইয়ের কাছে লেখা চিঠিতে প্রকারান্তরে সরকারি দলের বেশ কজন নেতা, মন্ত্রী ও সাংসদকে সারদা গোষ্ঠীর পতনের জন্য দায়ী করেছেন। তিনি সারদাকাণ্ডে সিবিআইয়ের তদন্তেরও দাবি করেছিলেন। অথচ বুধবার সুদীপ্ত সেন ১৮০ ডিগ্রি ঘুরে কলকাতা হাইকোর্টে একটি হলফনামা দিয়ে বলেছেন, সারদাকাণ্ড তদন্তের জন্য সিবিআইয়ের প্রয়োজন নেই। রাহুল সিনহা এই প্রসঙ্গে বলেন, ‘এ থেকেই বোঝা যাচ্ছে রাজ্য সরকারের সঙ্গে সারদার কর্ণধারের সম্পর্ক কতটা গভীর ছিল।’

প্রসঙ্গত, সারদাকাণ্ডে সিবিআইয়ের তদন্তের দাবি উঠলেও তাতে কর্ণপাত করছে না পশ্চিমবঙ্গ সরকার। তারা শুরু করেছে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত, যদিও সিবিআইয়ের তদন্তের দাবিতে এরই মধ্যে কলকাতা হাইকোর্টে তিনটি পৃথক জনস্বার্থ মামলা হয়েছে।