সুনন্দার মৃত্যু নিয়ে মুখ খুললেন মেহর তারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহর তারার
মেহর তারার

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুশকারের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার রাতে মুখ খুলেছেন পাকিস্তানি নারী সাংবাদিক মেহর তারার। তিনি বলেছেন, শশী থারুর ও সুনন্দা পুশকারের মধ্যে শুরু হওয়া টানাপোড়েনে তাঁর কোনো ভূমিকাই নেই। তিনি ষড়যন্ত্রের শিকার।
গতকাল রাতে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাত্কারে মেহর তারার এ কথা বলেন।

কয়েক দিন ধরে পাকিস্তানি নারী সাংবাদিক মেহর তারারের সঙ্গে টুইটারে বিবাদে জড়িয়ে পড়েন সুনন্দা। মেহর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট এবং তাঁর স্বামীকে ফুসলানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে মেহর বলেন, শশী থারুরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সুনন্দার মৃত্যুর পর এক টুইটে দুঃখ প্রকাশ করেন তিনি। এর আগে সুনন্দাকে ইঙ্গিত করে এক টুইটার বার্তায় মেহর বলেন, ‘সোনালি চুলো ওই নারীর মস্তিষ্ক তাঁর ব্যাকরণজ্ঞান ও বানানের চেয়েও দুর্বল।’

সুনন্দা দাবি করেছিলেন, তাঁর স্বামী শশীকে মেহরের পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘আমি তোমাকে ভালোবাসি, শশী থারুর। তোমার সঙ্গে যখন প্রেম করি, তখন নিজেকে সামলাতে পারি না। আমার ভেতরে রক্তক্ষরণ হয়। মনে রেখো, মেহর সব সময়ই তোমার।’ সুনন্দার দাবি, গত বছরের এপ্রিল থেকে এই ‘আহাম্মক পাকিস্তানি সাংবাদিক শশীর পেছনে লেগে আছেন’।


আজ রোববার এনডিটিভির এক খবরে বলা হয়, মেহর তারার দাবি করেছেন, শশী থারুর ও সুনন্দা পুশকারের মধ্যে শুরু হওয়া টানাপোড়েনে তাঁর কোনো ভূমিকাই নেই। গত শুক্রবার সুনন্দার মৃত্যুর পর ৪৫ বছর বয়সী মেহর তারার টুইটারে তাঁর প্রোফাইল ছবি পরিবর্তন করে একটি প্রজ্বলিত মোমবাতির ছবি আপলোড করেছেন।
মেহর তারার বলেন, শশী থারুরের সঙ্গে তাঁর দুবার দেখা হয়েছিল। প্রথমবার ভারতে গত বছরের এপ্রিলে আর দ্বিতীয়বার জুন মাসে দুবাইতে। সে সময় অনেক মানুষ ছিল।

মেহর তারার আরও বলেন, ‘আমি তাঁকে (শশী থারুর) উল্লেখ করে একটি নিবন্ধ লিখেছিলাম। সম্ভবত এটা তাঁর স্ত্রী (সুনন্দা পুশকার) পছন্দ করেননি। এ কারণে সুনন্দা শশীকে আমার সঙ্গে কথা বলতে বারণ করেছিলেন। এ সত্ত্বেও শশী টুইটারে আমাকে ফলো করে। ফোনে বা ই-মেইলের মাধ্যমে আমার সঙ্গে শশীর যোগাযোগে সুনন্দার কী সমস্যা তা আমি জানি না।’

পাকিস্তানি এই সাংবাদিক আরও বলেন, ‘আপনারা শশী ও সুনন্দার নাম গুগলে সার্চ দিয়ে দেখুন, তাঁদের পারিবারিক কলহটা মে-জুন মাসের দিকের। তখন আমি তাঁদের সঙ্গে যুক্ত হইনি। সে সময় সুনন্দা আমাকে চিনতেন না বা কোনো কারণে আমাকে দায়ীও করেননি।’

মেহর তারার অভিযোগ করে বলেন, ‘আমি যখন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাক্ষাত্কার নিয়েছিলাম, ঠিক তখন থেকেই সুনন্দা আমার পেছনে লেগেছে।’
মেহের তারারের ১৩ বছর বয়সী একটি ছেলে আছে।
গত শুক্রবার রাজধানীর চানক্যপুরীর লীলা হোটেল থেকে ৫২ বছর বয়সী সুনন্দার লাশ উদ্ধার করে পুলিশ।