সুনামি ও মেরাপির অগ্ন্যুৎপাত পাঁচ শতাধিক মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূলের কাছে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ আশঙ্কা প্রকাশ করে বলেন, সুনামিতে নিখোঁজ হিসেবে এ পর্যন্ত ৩৩৮ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। দুর্গত এলাকায় অনেক ঘরবাড়ির ভিটে পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে।এদিকে দেশটির জাভা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে গতকাল আবার অগ্ন্যুৎপাত ঘটেছে। এই আগ্নেয়গিরিতে মঙ্গলবারের অগ্ন্যুৎপাতের ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৭ জন। নিহতদের মধ্যে ২৬ জনকে গতকাল মাউন্ট মেরাপি থেকে ১০ কিলোমিটার দূরে গণকবর দেওয়া হয়।আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সরকারি কর্মকর্তা সুরোনো বলেন, গতকাল মাউন্ট মেরাপির জ্বালামুখ থেকে উত্তপ্ত ধোঁয়া ও ছাই নির্গত হয়। এ সময় অগ্ন্যুৎপাতজনিত মৃদুকম্পন অনুভূত হয়। ওই এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনো রয়ে গেছে। গত সোমবার থেকে ওই এলাকার ৫০ হাজারের বেশি লোককে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাড এডওয়ার্ড বলেন, সরকারি হিসাব অনুযায়ী, সুনামির ঘটনায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ৩৭৭ জনে পৌঁছেছে। তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের তালিকায় আরও ২০০ জন যোগ হতে পারে। তিনি বলেন, ‘আকাশপথে দুর্গত এলাকা পরিদর্শনের সময় অনেক লাশ ও মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বালুতে আটকে থাকতে দেখেছি।’ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দেখা দেওয়া দুটি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গতকাল পরিদর্শন করেন। এ সময় দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি।গতকাল সুনামি আঘাত হানা পাগাই উতারার সিকাকাপ শহরে শতাধিক দুর্গত লোক একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে আশ্রয় নেয়। অনেকে আপনজন হারানোর শোকে কাঁদছিল। মাটিতে খড় বিছিয়ে তাদের বসা ও শোয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় উদ্ধার কর্মকর্তা হারমানসিয়াহ বলেন, অনেক বাড়ির ভিটে পর্যন্ত ধুয়ে সাফ হয়েছে। অনেক লোক ভেসে গেছে ভারত মহাসাগরে। এপি, এএফপি।