সুনামি-দুর্গতদের ত্রাণ কাজ ব্যাহত
প্রতিকূল আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সুনামি-দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। ভারী বর্ষণ ও প্রবল জোয়ারের কারণে সুমাত্রার বিচ্ছিন্ন দ্বীপ মেনতাবিতে নৌকা নিয়ে ত্রাণ সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এদিকে জাভা দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে গতকাল শুক্রবার প্রথমবারের মতো জ্বলন্ত লাভা নির্গত হয়। ওই এলাকার দুর্গত লোকদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। গত সোমবার সমুদ্রের তলদেশে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্পের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে গতকাল পর্যন্ত ৪০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। অনেক লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ। অন্তত ৪৬৮টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় অন্তত ৩৩ জন মারা গেছে। এ নিয়ে দুটি প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪১ জনে পৌঁছেছে। ইন্দোনেশিয়ার ত্রাণ কর্তৃপক্ষ বলছে, তারা দুর্গত এলাকায় হেলিকপ্টার দিয়ে ত্রাণ ফেলার পরিকল্পনা করছে। কিন্তু দুর্গত এলাকায় পৌঁছার মতো প্রয়োজনীয় হেলিকপ্টার তাদের নেই। এ কারণে ত্রাণ বিতরণে তারা সমস্যার মুখে পড়ছে। কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত অঞ্চলে ধ্বংসস্তূপের মধ্যে এখনো অনেক লাশ পড়ে আছে। ইন্দোনেশিয়ার সরকার বলছে, দুর্গতদের জন্য লাখ লাখ ডলারের ত্রাণ পাঠানো হচ্ছে। তবে এসব এলাকায় কাজ করছে—এমন সাহায্য সংস্থাগুলোর মতে, বিভিন্ন দ্বীপে দুর্গত ব্যক্তিরা এখনো ত্রাণের জন্য অপেক্ষা করছে। তাদের জরুরি খাদ্য ও আশ্রয় প্রয়োজন। দুর্যোগবিষয়ক কর্মকর্তা অ্যাডওয়ার্ড জানান, এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে, তাদের তিন ভাগের দুই ভাগই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। অনেকে স্রোতের টানে গভীর সাগরে চলে গেছে। আবার অনেকে বালুর নিচে চাপা পড়ে মারা গেছে। দুর্গত এলাকার একটি গ্রামের প্রধান তাসমিন সাওগো জানান, গত বৃহস্পতিবার তাঁরা ৯৫টি লাশ সমাহিত করেন। বিবিসি ও এএফপি।