সুনামির ধ্বংসাবশেষ ভেসে তিন হাজার মাইল দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পূর্ব উপকূলে গত বছরের প্রলয়ংকরী সুনামির আঘাতে বিধ্বস্ত অসংখ্য ঘরবাড়ি, গাড়ি ও নানা ধরনের গৃহস্থালি সামগ্রীর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে প্রশান্ত মহাসাগরজুড়ে। ইতিমধ্যে অনেক ধ্বংসাবশেষ ভেসে ভেসে প্রায় তিন হাজার মাইল দূরে চলে গেছে।ধারণা করা হচ্ছে, আর মাত্র এক বছরের মধ্যে এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছে যাবে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) ধারণা করছে, বিধ্বংসী ওই সুনামির কিছু ধ্বংসাবশেষ শিগগিরই যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের প্রধান দ্বীপগুলোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্ষুদ্র দ্বীপগুলোতে পৌঁছাবে। আরও কিছু অংশ চলতি মাস থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে অরেগন, ওয়াশিংটন, আলাস্কা ও কানাডার উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে।এনওএএর সুনামি মেরিন ধ্বংসাবশেষের সমন্বয়ক রুথ ইয়েনডার গত মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ধ্বংসাবশেষের দিকে নজর রাখতে সংস্থার কর্মী ও উপকূলরক্ষীদের হাওয়াই দ্বীপপুঞ্জের সাগরে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।গত সেপ্টেম্বরে রাশিয়ার একটি প্রশিক্ষণ জাহাজের কর্মীরা হাওয়াই দ্বীপের পশ্চিমে একটি রেফ্রিজারেটর, টেলিভিশন ও অন্যান্য ধ্বংসাবশেষ ভেসে থাকতে দেখেন। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই ম্যাক্সিমেনকো বলেছেন, ধ্বংসাবশেষগুলো এতটা দূরে দূরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে যে, এখন একসঙ্গে মাত্র একটি-দুটি করে চোখে পড়ছে। অন্তত ১০ থেকে ২০ লাখ টন ধ্বংসাবশেষ সাগরে রয়েছে। এর ১ থেকে ৫ শতাংশ যুক্তরাষ্ট্র ও কানাডার উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।জাপানে গত বছরের ১১ মার্চের সুনামির আঘাতে সব মিলিয়ে অন্তত দুই থেকে আড়াই কোটি টন ধ্বংসাবশেষের সৃষ্টি হয়। এর বেশির ভাগই অবশ্য স্থলভাগে থেকে যায়।জীববিজ্ঞানী নিকোলাস ম্যালোস বলেছেন, জাপানের মৎস্য কারখানাগুলোর ধ্বংসাবশেষ প্রবাল শৈলশ্রেণী কিংবা সৈকতে ছড়িয়ে পড়লে তা হাওয়াইয়ান মংক সিলের মতো বিপন্নপ্রায় প্রাণীর জন্য হুমকি হয়ে উঠবে। জি নিউজ অনলাইন।