সুন্দরবনকে বাঁচাতে ভারত কর্মপরিকল্পনা তৈরি করছে
জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে বাঁচাতে ভারতের কেন্দ্রীয় সরকার এবার একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধেই মূলত সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার ওই উদ্যোগ নিচ্ছে। ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের সুন্দরবন দেখতে যাবেন। সুন্দরবন এখন ভারত ও বাংলাদেশের সম্পত্তি। অবশ্য এর বেশির ভাগ অংশই পড়েছে বাংলাদেশে। গত মঙ্গলবার জয়রাম রমেশ রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ‘জলবায়ুর পরিবর্তন এবং ঘূর্ণিঝড় আইলায় যে ক্ষতি হয়েছে, তা থেকে সুন্দরবনকে বাঁচানোই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা যায়, তা খতিয়ে দেখতেই আমি সুন্দরবন দেখতে যাব। তার পরই আমরা সিদ্ধান্ত নেব, কীভাবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখা যাবে।’ মন্ত্রী আরও বলেছেন, ‘সামুদ্রিক জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় এবং ভূমিধস মারাত্মক আকার ধারণ করায় আমাদের সুন্দরবনের বেশ কিছু দ্বীপ নিশ্চিহ্ন হওয়ার মুখে। এ দ্বীপগুলোকে রক্ষা করতে হবে। কাছাকাছি যেসব দ্বীপ রয়েছে, সেখানকার মানুষকে বাঁচাতে হলে মূল ভূখণ্ডের সঙ্গে এগুলোর সেতু সংযোগ করতে হবে। এতে করে ঝড়-ঝঞ্ঝার সময় মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবে।’