সুন্দরবনে নদীতে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রীমমতা
সুন্দরবন সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখে নিলেন লঞ্চ চালানো। শুধু তা-ই নয়, সুন্দরবনের গোমড় ও বিদ্যা নদীতে তিনি লঞ্চও চালিয়েছেন।গত মঙ্গলবার দুই দিনের সফরে সুন্দরবনে যান মমতা। তাঁকে বহনকারী বিশেষ লঞ্চ ‘আগমনী’র সারেং যতীন্দ্র রপ্তান তাঁর নিজের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীকে লঞ্চ চালানো শেখান।আধা ঘণ্টা লঞ্চ চালানোর পর মমতা বলেন, ‘লঞ্চ চালানো সোজা, কিন্তু রাজ্য চালানো কঠিন।’ তিনি আরও বলেন, ‘এই সুন্দরবন আমাদের গর্ব। এবার এই সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আনতে আমাদের আরও উদ্যোগী হতে হবে।’ প্রসঙ্গত, সুন্দরবনের উন্নয়নের লক্ষ্যে মমতা একটি টাস্কফোর্স গঠন করেছেন। এই টাস্কফোর্স এক মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবেদন পেশ করবে। এতে বলা হবে, সুন্দরবনকে আন্তর্জাতিক মানচিত্রে ঠাঁই দিতে কী কী উদ্যোগ গ্রহণ করা যায়। তৃণমূল কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়, রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী শ্যামল মণ্ডল, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পর্যটনসচিব, বনসচিব, মৎস্যসচিবসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসকদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।